কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ছবির পোস্টার, যাতে লেখা ছিল, “রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর”। সেই রহস্য জিইয়ে রেখেই দর্শককে আবার চমক দিতে রবিবার মুক্তি পেল ‘ড্রাকুলা স্যার’ ছবির ট্রেলার। নিজ নিজ ভূমিকায় দর্শকের মন জয় করলেন অনির্বাণ, মিমি, রুদ্রনীল ও বিদিপ্তা।
“আমি পাল্টে গেছি”, কিন্তু কে পাল্টে গেছে? আদতে কার কথা বলা হচ্ছে? এই রহস্য নিয়েই শুরু হল ছবির ট্রেলার। এরপর ট্রেলার যত এগিয়েছে, রহস্য আরও বেশি ঘনীভূত হয়েছে। ট্রেলার এগোনোর সঙ্গে সঙ্গে উঠে এসেছে ১৯৭১-এর প্রেক্ষাপট। কখনও গোপন কোনও আন্দোলনের সদস্য বা কখনও স্কুল শিক্ষক হিসেবে ধরা দিয়েছে অনির্বাণ। তার সামনের দুটি দাঁত বেড়িয়ে থাকার দরুন সে ছাত্রমহলে ড্রাকুলা স্যার নামে পরিচিত তবে ড্রাকুলা স্যার বিষয়টির যে অন্তর্নিহিত কোনও অর্থ রয়েছে তা ট্রেলার থেকেই স্পষ্ট।
বিদিপ্তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। মঞ্জরীর ভূমিকায় মিমি অনবদ্য। ট্রেলারের এক জায়গায় তাকে জিজ্ঞেস করতে শোনা যায়, অনির্বাণদের আন্দোলনে তার কোনও জায়গা হবে কি না? তবে ট্রেলারে নতুন করে আবার নজর কাড়লেন রুদ্রনীল। তবে ছবিতে নকশাল আন্দোলনের দিকটি উঠে আসবে কি না তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সব মিলিয়ে বেশ একটা চাপা উত্তেজনা তৈরি করেছে ‘ড্রাকুলা স্যার’-এর ট্রেলার।
টুইটারে ছবির ট্রেলার শেয়ার করে মিমি লেখেন, “এক জোড়া দাঁতের ইতিহাস, আর সেই ইতিহাসে নিজেকে খুঁজে পাওয়া”। সাংসদ হওয়ার পর এই ছবির হাত ধরেই ফের পর্দায় ফিরতে চলেছেন মিমি চক্রবর্তী। অন্যরকম একটি চরিত্রে তাকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শকমহল।
প্রসঙ্গত, এবছর পুজোতেই মুক্তি পেতে চলেছে অনির্বাণ, মিমি, রুদ্রনীল ও বিদিপ্তা অভিনীত এই ছবিটি। এসভিএফ ব্যানার থেকে প্রযোজিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের পয়লা মে। কিন্তু করোনা পরিস্থিতির জেরে লকডাউনের কারণে পিছিয়ে যায় ছবি মুক্তি তারিখ। এবার ‘ড্রাকুলা স্যার’ পর্দায় নিজেকে কীভাবে মেলে ধরবে বা রহস্যের জট কতটা উন্মোচিত হবে, এখন তারই প্রতীক্ষা।





