করোনা সংক্রমনের মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে বড়সড় হামলার ছক কষেছিল ৪ কাশ্মীরি যুবক। কিন্তু তাদের পরিকল্পনায় জল ঢেলে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতদের মধ্যে একজন আল কায়দা (Al Qaeda)’র জম্মু ও কাশ্মীর শাখা আনসার গজওয়াত উল হিন্দের প্রাক্তন প্রধান বুরহান কোকার ছোট ভাই।
পুলিশ সূত্রে খবর গত শুক্রবারই বিশেষ সূত্রে জানা যায় কাশ্মীরের কয়েকজন যুবক প্রচুর অস্ত্র নিয়ে দিল্লির আইটিও এবং দারেয়াগঞ্জ এলাকায় হামলা চালানোর ছক কষেছে। এরপরই ওই এলাকায় ফাঁদ পেতে চার যুবককে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, আনসার গজওয়াত উল হিন্দের বর্তমানের প্রধানের নির্দেশে ইশফাক বাকি তিন জনকে জেহাদের জন্য অনুপ্রাণিত করে। তারপর চার জন গত ২৭ সেপ্টেম্বর কাশ্মীর থেকে দিল্লি এসে পাহাড়গঞ্জ এলাকায় আশ্রয় নেয়।
গতকাল অর্থাৎ শনিবারই দিল্লি পুলিশের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মধ্য দিল্লির আইটিও (ITO) এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন স্পেশাল সেলের আধিকারিকরা। সেসময় চারটি অত্যাধথুনিক পিস্তল ও ১২০ রাউন্ডের বেশি কার্তুজ সমেত ওই চার জন কাশ্মীরি যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল পুলওয়ামার বাসিন্দা আলতাফ আহমেদ দার (২৫) ও সোপিয়ানের বাসিন্দা মুস্তাক আহমেদ গনি (২৭), ইশফাক মাজিদ কোকা (২৮) ও আকিব সফি (২২)।





