এই বছর যেন সত্যিই বিষে-বিষ। বলিউডের আকাশে এক এক করে নক্ষত্রের এবার পতনের পালা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফের এক মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ। পিতৃহারা হলো ভারতীয় চলচিত্র জগৎ।
বুধবার এক নক্ষত্রপতনের শোক কাটিয়ে উঠতে না উঠতেই এলো আরও এক শোকবার্তা। গতকাল ইরফান খানের পর বৃহস্পতিবারই চিরনিদ্রায় চলে গেলেন ঋষি কাপুর। ভক্তদের চোখের জল যেন শুকোতেই চাইছে না।পর পর দুটি শোকে বিধ্বস্ত ভারতীয় সিনেমা জগৎ এবং সিনেমাপ্রেমীরা। কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা টালমাটাল যাচ্ছিল। অত্যন্ত সংকটজনক অবস্থায় বুধবারই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। অবস্থা খারাপ দেখে তাঁকে আইসিইউতেই রাখা হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ইহলোকের মায়া ত্যাগ করলেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর।
‘ববি’, ‘চাঁদনী’, ‘নাগিন’, ‘কর্জ’ হোক কিংবা ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’, ‘হউসফুল টু’ তাঁর অভিনয় কখনো মানুষকে প্রেমের অনুভূতি দিয়েছে, কখনো হাসিয়েছে। ‘এক হাসিনা থি এক দিওয়ানা’ থা গান যেন তারই জন্য তৈরি হয়েছিল। ভাইয়ের অসুস্থতার খবর গতকালই নিশ্চিত করেছেন দাদা রণধীর কাপুর। এদিন প্রবীণ বলিউড অভিনেতার জনসংযোগকারী টিমের তরফে দেওয়া বিবৃতিতে জানা গিয়েছে, বুধবার ঋষি কাপুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর স্ত্রী নীতু কাপুর এবং পুত্র রণবীর কাপুরও তাঁর সঙ্গেই রয়েছেন হাসপাতালে। চিকিত্সকের পরামর্শেই বুধবার ঋষি কাপুরকে হাসপাতালে ভরতি করতে হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু, ঠিক কী সমস্যার কারণে হাসপাতালে ভরতি করতে হল তাঁকে, তা এখনও অজানাই।
উল্লেখ্য, চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে দিল্লির দূষণে অসুস্থ হয়ে পড়েছিলেন এই চির উজ্জ্বল অভিনেতা। সেসময়ও তিনি কিছুদিন হাসপাতালে ভরতি ছিলেন।যার জন্যে একমাত্র ভাগনে আরমান জৈনের বিয়েতেও তাঁর যাওয়া হয়ে ওঠেনি। এবার ফের দুমাসের মাথায় অসুস্থ হলেন অভিনেতা।
প্রসঙ্গত, ২০১৮ সালের মাঝামাঝি থেকেই শারীরিক অসুস্থতার জন্য বারংবার খবরের শিরোনামে ছিলেন ঋষি কাপুর। ২০১৮’র সেপ্টেম্বরে খবর এল, সস্ত্রীক তিনি মার্কিন মুলুকের উদ্দেশে রওনা হচ্ছেন। কারণ, তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। নিউইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভরতি হয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, ঠিক সেই সময়েই ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। পরিচালক হিতেশ ভাটিয়ার পরিচালনায় একটি কমেডি ছবির শুটিং শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তিনি নিউ ইয়র্কে চলে যান এবং কাজে ছেদ পড়ে যায়।
কর্কটরোগকে পরাস্ত করে গত বছরই স্ত্রী নীতুকে নিয়ে দেশে ফিরেছিলেন ঋষি কাপুর। রোজকার নিয়মাবলীর মধ্যে থেকে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু মাসখানেক পর ফের অসুস্থ হয়ে পড়লেন বলিউডের প্রবীণ অভিনেতা। বুধবারই অভিনেতা ইরফান খান প্রয়াত হয়েছেন। আর তার মাঝেই এদিন সকালে ঋষি কাপুরের আকস্মিক প্রয়াণে শোকাহত গোটা বলিউড।





