পর্ণকাণ্ডে এখনও জেলেই রয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। এই মামলায় বারবার শিল্পার নামও উঠছে। এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে এরই মাঝে অভিনেত্রী অভিযোগ আনেন যে একাধিক সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁর ভাবমূর্তি নষ্ট করছে ও এই বিষয়ে তিনি ২৫ কোটি টাকার মানহানির মামলাও করেন। আজ, শুক্রবার সেই মামলার শুনানি ছিল।
এদিন বিচারপতি গৌতম এস প্যাটেলের এজলাসে শিল্পার দায়ের করা মামলার শুনানি হয়। এদিন আদালতের তোপের মুখে পড়েন অভিনেত্রী। আদালতের তরফে শিল্পা আইনজীবীকে প্রশ্ন করা হয়, পুলিশের দেওয়া নানান তথ্য যদি সংবাদপত্রে বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয় বা চ্যানেলে দেখানো হয়, তাহলে না মানহানিকর কীভাবে?
আরও পড়ুন- মুম্বইয়ে থাকাকালীন পর্ণ অ্যাপ থেকে ডাক আসে মিশমির কাছে, কী জবাব ছিল অভিনেত্রীর?
আদালতের তরফে এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশ বা ক্রাইম ব্রাঞ্চ থেকে পেশ করা কোনও তথ্য কখনই মানহানিকর বলে বিবেচ্য হয় না। এই কারণে এই মামলায় কোনও নিষ্পত্তি পেলেন না শিল্পা।
পাশাপাশি এদিন বম্বে হাইকোর্ট নিজের পর্যবেক্ষণে এটাও জানায়, “প্রেসের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকার (রাইট টু প্রাইভেসি)-র মধ্যে একটা সমতা বজায় রাখতে হবে। বাকস্বাধীনতার পথ সংকীর্ণভাবে তৈরি করতে হতে পারে,কিন্তু গোপনীয়তার অধিকার প্রত্যেকের মৌলিক অধিকার এবং তা সংবিধানসিদ্ধ। তাই কোনও মানুষ পাবলিক ফিগার মানে এই নয়, তাঁকে নিজের ব্যক্তি স্বাধীনতা বিসর্জন দিতে হবে”।
আদালতের তরফে এদিন স্পষ্টভাবেই জানানো হয় যে শিল্পা শেট্টি দুই নাবালক সন্তানের মা। তাই একজন পাবলিক ফিগার হওয়া সত্ত্বেও তাঁর বক্তিগত জীবন নিয়ে এভাবে কাটাছেঁড়া করা উচিত নয়। তবে আদালত এও জানায় যে, তা বলে এই নয় স্বাধীন ও নিরপেক্ষভাবে কোনও সত্য ঘটনা তুলে ধরতে আদালত মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২০শে সেপ্টেম্বর।
আরও পড়ুন- পা নেই, মেয়েকে তাই রাস্তায় ফেলে দিয়ে যান মা-বাবা, আজ সেই মেয়েরই মাসিক আয় ৫০ লক্ষ টাকা
বম্বে হাইকোর্টে দাখিল করা আবেদনপত্রে শিল্পা শেট্টি আবেদন জানান যাতে তাঁর বিরুদ্ধে মিথ্যা, অসত্য এবং অবমাননাকর তথ্য প্রকাশ বা প্রচার বন্ধ করা হয়। তাঁর অভিযোগ ছিল, বেশ কিছু মিডিয়া হাউজ পর্নকাণ্ড সংক্রান্ত নানান খবর পরিবেশনের সময় রঙ চড়িয়ে পেশ করছে।তাতে অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান তিনি। অবিলম্বে সোশ্যাল প্ল্যাটফর্ম এবং নিজস্ব সাইট থেকে সেই সকল খবর মুছে ফেলবার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী জানান শিল্পা। এই পাশাপাশি ক্ষতিপূরণ হিসাবে ২৫ কোটি টাকার মোটা অঙ্কও দাবীও করেন অভিনেত্রী।





