ভন্ড রাজনৈতিক নেতাদের কুকীর্তি সামনে আনলেন সিধু-পটা! ক্যাকটাসের নতুন গানে ফুটে উঠল সাধারণ মানুষের যন্ত্রণা

আমরা বাঙালিরা সবথেকে ভালোবাসি খেতে এবং রাজনীতি নিয়ে আলোচনা করতে। রাজনীতি বোধ হয় প্রতিটা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। চলতি বছরের বিধানসভা নির্বাচনে যা রঙ্গ দেখেছে বাঙালি তার ফলে রাজনীতি নিয়ে আগ্রহ তাদের আরও বেড়েছে।

তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের কটাক্ষ করে কোনো শিল্প পশ্চিমবঙ্গে বানানো খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান শাসকের রাজত্বে শাসক বিরোধী কোনো শিল্পকীর্তি প্রকাশ হলেই তাকে পড়তে হয় রাজরোষে। তবে এবার সাহস করে রাজনৈতিক নেতাদের কটাক্ষ করেই বসল বিখ্যাত বাংলা ব্যান্ড ক্যাকটাস।

শুক্রবার বিকালে ক্যাকটাস এর নতুন গান প্রকাশ পেয়েছে যার নাম ছিঃ ছিঃ ছিঃ। সিধু আর পটার যুগলবন্দি এই গানকে নিয়ে গেছে অন্য মাত্রায়। গানের কথা লিখেছেন সিধু আর স্বাভাবিকভাবেই তাতে রয়েছে প্রতিভা আর প্রতিবাদের ছোঁয়া।

‘গণতন্ত্রের তন্ত্রটা ওদের দখলেই’,’মিথ্যে প্রতিশ্রুতি ভুলে যেতে দেরি নেই’, এরকমই অজস্র লাইন দিয়ে তৈরি হয়েছে এই গান। রক গানের সুরে প্রতিটা শব্দ যেন ধাক্কা মারবে আপনার গানে। ভন্ড রাজনৈতিক নেতা-নেত্রীরা কীভাবে সাধারণ মানুষের সম্পত্তি লুট করেন তা এই একটা গানের মধ্যেই প্রকাশ করে ফেলেছেন সিধু পটা।

গানটি এর মধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। এই গান বর্তমান পরিস্থিতিতে আরো বেশি করে মানুষের মনে ধরছে কারণ যেভাবে বিনোদন জগৎ ভোটের আগে মুড়ি-মুড়কির মতো এই দল ওই দলে যোগ দিতে শুরু করেছিল তা চোখে লেগেছিল সকলের। ভোটের ঠিক আগে লাল সবুজ গেরুয়াতে তারকাদের যোগদান এবং বড় বড় প্রতিশ্রুতি সাধারণ মানুষের মন জয় করতে পারেনি।

তাই কোথাও গিয়ে অনেকেই মনে করছেন এই গানের মাধ্যমে সিধু পটার যে সকল সহকর্মী ‘কাজ’ করতে চেয়ে রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন এবং ভোটে হেরে কাজ করা বন্ধ করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কড়া থাপ্পড়।

RELATED Articles