কিছুদিন আগেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ছবির নাম ঘোষণা করেন। ছবির নাম ‘X=প্রেম’। এরপর থেকেই একাধিক বিতর্কে জড়ান পরিচালক। আসলে, এটা যে শুধু সৃজিতের দেওয়া ছবির নাম তা নয়, একুশ বছর আগে এই ‘X=প্রেম’ নামের একটি গান তৈরি করেন শিলাজিৎ মজুমদার। এই নামের অ্যালবামও রয়েছে একটি।
একুশ বছর আগের এই অ্যালবামের নাম নিয়ে ছবির নাম দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন সৃজিত। শিলাজিতের কোনও অনুমতি না নিয়েই তাঁর অ্যালবামের নাম দিয়ে ছবির নাম রাখায় সৃজিতের প্রতি বেশ অসন্তোষ প্রকাশ করেন শিলাজিৎও।
একথা জানতে পেরেই সৌজন্যের খাতিরেই শিলাজিৎকে ফোন করেন সৃজিত। কিন্তু তিনি সেই ফোন তোলেননি। ফলত, বেশ দুঃখিত হন পরিচালক। আক্ষেপও প্রকাশ করেন।
এরপর গতকাল, বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৃজিত। তাতে তিনি জানান যে শিলাজিতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। এও জানান যে গায়কের থেকে বকা ও আশীর্বাদ দুটোই পেয়েছেন তিনি। তাহলে কী ধরে নেওয়া যায় যে গায়ক-পরিচালকের মধ্যে ঠাণ্ডা লড়াই থামল? শিলাজিৎ জানান, এই বিষয়ে তাঁর যা বলার তিনি ১লা জুলাই রাত আটটার সময় লাইভে বলবেন।
এদিকে, সৃজিতের জীবনে বিতর্ক একটা নয়। কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যজিৎ রায়ের দুটি ছোটো গল্প নিয়ে বানানো ওয়েব সিরিজ ‘রে’। এই ওয়েব সিরিজের জন্য সৃজিত প্রশংসা যেমন পেয়েছেন, ঠিক তেমনই আবার জুটেছে সমালোচনাও।
আরও পড়ুন- সোনু সুদের পা ধরে সাহায্য প্রার্থনা গরীব যুবকের, সঙ্গে সঙ্গে সাহায্য করতে এগিয়ে এলেন অভিনেতা
আর এখন আবার ‘X=প্রেম’ নাম নিয়ে ছবি বানানোর জন্য বিতর্ক। তবে বলে রাখা ভালো, এর আগে কিন্তু শিলাজিৎ সৃজিতের ছবি ‘হেমলক সোসাইটি’তে কাজও করেছেন। সেই ছবিতে শিলাজিতের গাওয়া ‘জলফড়িং’ গানটি এখনও মানুষের ঠোঁটে ঠোঁটে ঘোরে।
‘X=প্রেম’ নিয়ে বিতর্ক হতেই সৃজিত জানান যে ইম্পায় রেজিস্ট্রেশন করার পর, অনুমতি নিয়েই এই ছবির নাম দেওয়া হয়েছে। তবে শিলাজিৎ-সৃজিতের মধ্যেকার চাপা উত্তেজনা মিটল কী না, নাকি ফের শুরু হতে চলেছে নতুন কোনও বিতর্ক, সেই ফয়সালা হতে চলেছে আজ রাত আটটার সময়ই।





