আলের পাশে উদ্ধার তরুণীর অর্ধদগ্ধ মৃতদেহ, ধর্ষণের পরই কী পুড়িয়ে খুন? তদন্তে পুলিশ

চাষের জমি, জমিতে আল। সেই আলপথের পাশে উদ্ধার হল এক তরুণীর অর্ধদগ্ধ মৃতদেহ। মৃতদেহের পাহ থেকে উদ্ধার হয়েছে দেশলাই বাক্স ও তেলের জার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। মৃত ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন- শীঘ্রই ভারতে আসতে চলেছে ১২ ঊর্ধ্বদের করোনার টিকা, DCGI-এর আবেদন ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থার 

ঘটনাটি ঘটেছে বর্ধমানের রথতলা উদয়পল্লির মালিপাড়া এলাকায়। এটি দামোদর বাঁধ সংলগ্ন এলাকা। আজ, বৃহস্পতিবার সকাল কেউ বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, কেউ আবার চাষের জমিতে যাচ্ছিলেন কাজ করতে। সেই সময় একজন আলপথের পাশে পোড়া মৃতদেহটি দেখতে পান।

তা দেখেই গা শিউড়ে ওঠে তাঁর। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশেপাশের পথচলতি মানুষজনদের হাঁক দেন তিনি। সকলেই ছুটে যান। এমন অবস্থা দেখে খবর যায় পুলিশে। বর্ধমান পুলিশ সুপারের নেতৃত্বে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কল্যাণ সিংহরায়, ডিএসপি (সদর) শৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। মৃতদেহের পাশ থেকে দেশলাই, জারিকেন পাওয়া গিয়েছে বলে খবর।

এই মৃতদেহ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। ওই তরুণীর যে ওই এলাকার বাসিন্দা নন, তা স্থানীয় বাসিন্দারা চিহ্নিত করেছেন।

আরও পড়ুন- রাস্তায় দেখা নেই বেসরকারি বাসের, বাস চালানোর অনুমতি মিললেও সেই একই ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা

এক স্থানীয় বাসিন্দার দাবী, সম্ভবত ওই তরুণীকে বাইরে থেকে এনে ধর্ষণ করে পুড়িয়ে খুন করার চেষ্টা করা হয়েছে। তরুণীর আনুমানিক বয়স ১৮। স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোরতম শাস্তির দাবী তুলেছেন। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

RELATED Articles