সোনু সুদ, গরীব-দুঃস্থ মানুষের কাছে এই নামটা ভগবানতুল্য। নানান বিপদে বারবার তাঁর কাছে ছুটে গিয়ে উপকার পেয়েছেন নানান মানুষ। করোনা পরিস্থিতিতে তিনি একাধিকবার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করেছেন। কেউ বিপদে একবার ডাকলেই, তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা।
গত বছর করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছনো থেকে শুরু করে একাধিক মানুষকে আর্থিক সাহায্য করা, কারোর পড়াশোনার খরচ দেওয়া, আরও নানানভাবে সাহায্য করে চলেছেন সোনু সুদ।
কিছুদিন আগেই এক ব্যক্তি তাঁর ভাইয়ের হার্ট অপারেশনের জন্য ৫-৬ লক্ষ টাকার সাহায্য প্রার্থনা করেন অভিনেতার কাছ থেকে। সোনু জানান যে হৃদয়ের ব্যাপার, তাই সাহায্য করা তাঁর কর্তব্য। সেই ব্যক্তিকে সাহায্য করেন অভিনেতা।
শুধু তাই-ই নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় চারিদিকে যখন অক্সিজেন, হাসপাতালে বেডের জন্য হাহাকার, তখনও মানুষকে একইভাবে সাহায্য করে গিয়েছেন অভিনেতা। অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছেন নানান জায়গায়। এমনকি, রাজ্যের একাধিক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিয়েছেন সোনু সুদ, যাতে পরবর্তীকালে অক্সিজেনের পর্যাপ্ত জোগান থাকে।
সদ্যই ফের আরও একটি ঘটনা ঘটল যার জেরে সোনু সুদের মানবিক দিক ফের সকলের সামনে এল। সোনু সুদের বাড়ির সামনে প্রতিদিনই নানান অসহায়, গরীব মানুষ জমা হন সাহায্যের আশায়। কারোর শারীরিক সমস্যা, কারোর আবার আর্থিক। সকলের সঙ্গে প্রতিদিন বাড়ির নীচে এসে দেখা করেন অভিনেতা। সকলের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানেরও চেষ্টা করেন।
এমনই এক দিনে সোনু সুদ বাড়ির নীচে এসে মানুষদের সঙ্গে কথা বলছিলেন, এমন সময় হঠাৎই এক যুবক হাঁটু গেড়ে হাতজোড় করে সোনুর সামনে বসে পড়েন। তাঁর পা জড়িয়ে কাঁদতে থাকেন। সোনু তাঁকে জিজ্ঞাসা করেন, “কী হয়েছে, কেন এভাবে কাঁদছ”? সোনুর দেহরক্ষীরা কিশোরকে ধরে উঠিয়ে তাঁকে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে দাঁড় করিয়ে দেন। এরপর সেই কিশোর সোনুকে সমস্যার কথা বললে সোনু তৎক্ষণাৎ তাঁকে সাহায্য করেন।
View this post on Instagram
এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ফের একবার নেটিজেনরা সোনু সুদের ভূয়সী প্রশংসা করেন। অনেকেই আবার কমেন্টে লিখেছেন, “সোনু ভাই, একটাই তো মন আমাদের আর কতবার জিতবেন”।





