সদ্য চার হাত এক হল অভিনেতা ফারহান আখতার এবং গায়িকা শিবানি দান্ডেকারের। দম্পতির দুই বাড়ির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের বিখ্যাত শিল্পীরা। সকলের সামনে আংটি বদল করে এবং একসঙ্গে থাকার শপথ নিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন এই দম্পতি।

সামাজিক রীতি মেনে বিয়ের পর আইনে বিয়ে সেরে ফেলেছেন শিবানী এবং ফারহান। এই মাহেন্দ্রক্ষণে তাঁরা নিজেরাই সামনে এসে ক্যামেরায় পোজ দিয়েছেন পাপারাজ্জির জন্য। মিষ্টি খাইয়েছেন সাংবাদিক বন্ধুদের। বুধবার নব দম্পতি তাঁদের সুন্দর মুহূর্তগুলির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তার ঝড় বয়ে যায় কমেন্ট বক্সে।


নাচে-গানে আসর জমিয়ে রেখেছেন ফারহান নিজে এবং হৃত্বিক রোশন, শাবানা আজমি, ফারহা খানের মত শিল্পীরাও। এমনকি নতুন বউ শিবানী তাঁর শ্বশুর জাভেদ আখতারের সঙ্গেও নাচ করেছেন। সেই সঙ্গে ছেলের দ্বিতীয় বিয়েতে কবিতা পাঠ করেছেন জাভেদ আখতার নিজে।


প্রসঙ্গত, এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। তার প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে অধুনা এবং ফারহানের দুই কন্যাসন্তান শাকিয়া এবং আকিরা বাবার বিয়েতে সাক্ষী ছিল। দুজনে সুন্দরভাবে হেসে স্বাগত জানিয়েছে তাদের বাবার নতুন স্ত্রীকে।


ফারহান এবং শিবানী একে অপরকে চুম্বন করেছে প্রকাশ্যে। সেই মুহূর্তে উপস্থিত ছিল তারা। এমনকি দুই মেয়ে বাবা ফারহান আখতারের সঙ্গে হেসে ছবিও তুলেছে। কেবল ছবি তোলার সময়েই নয়, তাছাড়াও নেচে গেয়ে তারা হই হুল্লোড়ে মেতেছিল বিয়ের আসর জুড়ে। গানের তালে হাত ধরে ঘুরল দুই বোন। তার প্রমাণ সকলের সামনেই স্পষ্ট হয়ে উঠল ছবির মাধ্যমে। অর্থাৎ বাবার দ্বিতীয় বিয়েতে তারা যে যথেষ্ট খুশি এটা স্পষ্ট তাদের চোখে-মুখে।






