ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবী তুলে এসেছে তাঁর পরিবার। এই পরিস্থিতিতে এবার সেই একই দাবী করলেন এই ঘটনায় ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা।
গতকাল বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আনিসকাণ্ডে পুলিশের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় এই দু’জন হলেন সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য ও হোমগার্ড কাশীনাথ বেরা। কিন্তু এরপরও সিবিআই তদন্তের দাবীতেই অনড় আনিসের পরিবার। ভাইয়ের হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই সাহায্য চান আনিসের দাদা সাবির খান।
এদিকে আনিসের বাবাও এর আগে জানিয়েছেন যে পুলিশে তাঁর ভরসা নেই। সিবিআই তদন্তের কথাই উঠে এসেছে বারবার তাঁর মুখে। এবার সিবিআই তদন্তের দাবী করলেন এই ঘটনায় ধৃত কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরাও। স্বামী গ্রেফতার হওয়ার কথা শুনে ভেঙে পড়েছেন তিনি। তাঁর কথায়, “আমার স্বামীকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে। সিবিআই তদন্ত করলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে। আসল দোষী করা তাও স্পষ্ট হয়ে যাবে”।
রাখির দাবী, পুলিশের উঁচুতলার কর্তাদের নির্দেশ ছাড়া তাঁর স্বামীর মতো নিচুতলার কর্মীরা তল্লাশিতে যেতে পারেন না। তিনি বলেণ, “এটা খুনের ঘটনা কি না তা-ও দেখা হোক। সত্য সামনে আসুক”।
জানা গিয়েছে, বছর চারেক আগে চাকরি পান কাশীনাথ। এরপর যোগ দেন হাওড়া পানিয়ারার পুলিশ লাইনে। সাড়ে তিন বছর তিনি সেখানে কর্মরত ছিলেন। এরপর মোটামুটি দেড় মাস আগেই তিনি আমতা থানায় হোমগার্ড হিসেবে যোগ দিয়েছিলেন।
অন্যদিকে, আনিসকাণ্ডে অন্য এক অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য বছরখানেক ধরে আমতা থানায় কাজ করছেন বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকেই তাঁর বাড়িতে তালাবন্ধ।





