জোরকদমে এগোচ্ছে দেব পরিচালিত পুজোর ছবি ‘দেশু ৭’-এর শ্যুটিং। সম্প্রতি ছবির সেট থেকে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চা শুরু হয়েছে। ভাইরাল হওয়া সেই ঝলকে বেইজ রঙের শাড়ি, গলায় ফুলের মালা পরে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁর পাশেই ছিলেন অনির্বাণ। দুজনকে শট বুঝিয়ে দিতে দেখা যায় পরিচালক দেবকে। এই দৃশ্য দেখেই অনেকের ধারণা, ছবির গল্পে রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে।
ভাইরাল হওয়া ছবিগুলি ৩১ জুলাই সকালে নলবনে শ্যুটিং চলাকালীন তোলা বলে জানা যাচ্ছে। একটি খোলা জিপে শুভশ্রী ও অনির্বাণকে দেখা যায়। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল এবং সেখানে একটি রাজনৈতিক দলের পতাকাও লাগানো ছিল। শুভশ্রীর পরনে ছিল সরু পাড়ের বেইজ শাড়ি, খোলা চুল ও হালকা মেকআপ। অন্যদিকে অনির্বাণকে দেখা যায় প্যান্ট, শার্ট ও জ্যাকেট পরে। পুরো দৃশ্য থেকেই নির্বাচনী প্রচারের আবহ স্পষ্ট হয়ে উঠেছে।
খবর অনুযায়ী, ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ডা. শুভস্মিতা চৌধুরী। তিনি সীমান্তপুর নামে একটি গ্রামের প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। অনির্বাণকেও একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যেতে পারে বলে জোর জল্পনা চলছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
এর আগে প্রকাশিত প্রথম লুক পোস্টারেও ছবির ভিন্ন স্বাদ মিলেছিল। ধ্বংসস্তূপ, বিস্ফোরণের আবহ, দেবের কাঁধে রাইফেল এবং রক্তমাখা পোশাকে শুভশ্রীকে দেখে বোঝা গিয়েছিল, এটি শুধু প্রেমের গল্প নয়। জানা গিয়েছে, অগস্টের মধ্যেই ছবির শ্যুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। সব ঠিক থাকলে দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি।
আরও পড়ুনঃ নিজে মহানায়ক হয়ে ও ছেলেকে রেখেছিলেন পর্দা থেকে দূরে! গৌতমের অভিনয়ের স্বপ্নে কেন আপত্তি ছিল উত্তম কুমারের? কিংবদন্তির সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিল কঠিন বাস্তব! এতদিন পরে এল প্রকাশ্যে?
ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা অনেক আগেই শুরু হয়েছে। ১৬ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে সাতটায় প্রথম প্রিমিয়ার শো হওয়ার কথা। সবচেয়ে বড় চমক, মুক্তির প্রায় ১০ মাস আগেই প্রিমিয়ারের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল এবং অল্প সময়ের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। সেই বিশেষ টিকিটের সঙ্গে দেব ও শুভশ্রীর অটোগ্রাফও দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, একসময় দেব ও শুভশ্রীর সম্পর্ক ইন্ডাস্ট্রিতে বহুল আলোচিত ছিল। পরে দূরত্ব তৈরি হলেও গত বছর ‘ধূমকেতু’ মুক্তির আগে সেই বরফ গলে, আর তারপরই আসে ‘দেশু ৭’-এর ঘোষণা।






