মঙ্গলবার প্রকাশ্যে এল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবির প্রথম পোস্টার, যার ওয়ার্কিং টাইটেল ‘দেশু ৭’। পোস্টার সামনে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে দর্শকমহলে। দেব নিজেই এই লুক শেয়ার করে জানিয়েছেন, ভালোবাসা সহজ নয়, আর একবার হলে তা ছাড়া থাকা কঠিন। বহুদিন পর এই জনপ্রিয় জুটিকে আবার বড়পর্দায় দেখার অপেক্ষা শেষ হতে চলেছে।
টলিউডে দেব ও শুভশ্রীর জুটি বরাবরই দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একাধিক সফল ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার আসছে তাঁদের সপ্তম ছবি। ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও ‘দেশু ৭’ নামেই আপাতত পরিচিত এই প্রজেক্ট।
প্রকাশিত পোস্টারটি একেবারেই আলাদা মাত্রা যোগ করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি উল্টে থাকা গাড়ির উপর দাঁড়িয়ে আছেন দেব ও শুভশ্রী। দেবের হাতে বড় বন্দুক, গায়ে রক্তমাখা পোশাক, অন্যদিকে শুভশ্রীর সাদা পোশাকও রক্তে ভেজা। চারদিকে আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তাঁদের চোখে চোখ রেখে থাকা দৃশ্য এক তীব্র আবেগের ইঙ্গিত দেয়।
এই পোস্টার থেকেই স্পষ্ট, ছবিতে যেমন অ্যাকশন থাকবে, তেমনই থাকবে গভীর প্রেমের গল্প। ধ্বংসস্তূপের মাঝেও একে অপরকে জড়িয়ে ধরে থাকা এই দৃশ্য দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের আবহ আর প্রেমের মেলবন্ধন এই ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ তোলা’বাজি তদন্তে নতুন মোড়! সব্যসাচী দত্ত-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে কোটি টাকার সোনা উদ্ধার, সামনে কি আসতে চলেছে আরও চাঞ্চ’ল্যকর তথ্য?
এই ছবির আরেকটি বড় দিক হলো, এখানে প্রথমবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে দেবকে। প্রযোজক হিসেবেও তিনি ইতিমধ্যে সফল, এবার পরিচালনার দায়িত্বও নিজেই নিয়েছেন। গুরুপদ অধিকারী ও দেব অধিকারীর যৌথ প্রযোজনা এবং SSR Cinemas-এর সহযোগিতায় তৈরি এই ছবি আগামী ১৬ অক্টোবর ২০২৬, দুর্গাপুজোর সময় মুক্তি পাবে বলে জানা গেছে।






