বিগ বস ১২-এর দুই প্রাক্তন প্রতিযোগী উঠতি গায়িকা জ্যাসলিন মাথারু ও গায়ক অনুপ জালোটার সম্পর্ক নিয়ে প্রথম থেকেই কানাঘুষো অনেক কিছু শোনা যাচ্ছিল। বিগ বসের ঘরে থাকাকালীনও তাদের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়। নেটদুনিয়ায় ছড়িয়ে পরে তাদের ঘনিষ্ঠতার কথা। এমনকি, বিগ বসের ঘরেও তাদের একাধিক বার ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা গেছে। এবার সেই জল্পনাকে আরও একটু উস্কে দিয়ে জ্যাসলিন নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন দুটি ছবি।
ছবিতে তাকে ও অনুপ জালোটাকে বিয়ের সাজে দেখা যাচ্ছে। কোনও ক্যাপশন ছাড়াই এই ছবিদুটি পোস্ট করেন তিনি। গোলাপি কাজ করা সালোয়ার কামিজ ও ভারী গয়নার সাজে দেখা যাচ্ছে জ্যাসলিনকে। বিবাহিত মহিলার মতোই হাতে পড়েছেন চূড়া ও তার পাশে থাকা অনুপের পরনে রয়েছে শেরওয়ানি ও পাগড়ি। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন যুগল। এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের প্রশ্ন, তারা কী সত্যিই বিয়ে করে ফেলেছেন? অনেকে আবার বলেন, এটি হয়ত বা কোনও ছবির শুটিং-এর দৃশ্য।
হ্যাঁ, তাই-ই বটে। না সত্যি সত্যি বিয়ে করেননি জ্যাসলিন ও অনুপ। ছবিদুটি একটি সিনেমার শুটিং সেট থেকে শেয়ার করা হয়েছে। ছবির নাম ‘ইয়ে মেরি স্টুডেন্ট হ্যায়’। জ্যাসলিন ও অনুপের এই ছবিদুটি এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। বিগ বস ১২-এর প্রতিযোগী ছিলেন জ্যাসলিন ও অনুপ। সেখানে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তারা দুজনেই বলেছিলেন তাদের মধ্যে সম্পর্ক কেবলমাত্র শিক্ষক ও ছাত্রীর।
গত জুলাইতে এক সাক্ষাৎকারে জ্যাসলিন জানান, ভোপালের এক চিকিৎসক অভিজিৎ গুপ্তার সঙ্গে প্রেম করছেন তিনি। অনুপের সুত্রেই অভিজিৎ-এর সঙ্গে তার পরিচয়। ১৫ দিনের জন্য ভোপাল যান জ্যাসলিন, তখনই অভিজিৎ-এর সঙ্গে প্রথম দেখা হয় তার। এরপর ৩ মাস ডেটও করেন তারা। কিন্তু লকডাউনের জন্য বেশী ঘুরতে পারেননি। কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পর্ক ভেঙে যায় তাদের। গত আগস্টে জ্যাসলিন জানান তাদের কুষ্ঠি না মেলার কারণে তাদের বিয়ে ভেঙে গেছে। জ্যাসলিনের পরিবার এই সমস্ত বিষয় খুব মেনে চলেন। তাই নিজের পরিবারের বিপরীতে গিয়ে কোনও কাজ করতে তিনি নারাজ।





