‘আইটেম নাম্বারে’ নাচলেন প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী! ‘লিলি ডোন্ট বি সিলি!’দেখে চোখ কপালে নেটপাড়ার

টলিউডের কিংবদন্তী অভিনেত্রী তিনি। একসময় বাংলা টেলিভিশন মাতিয়ে বেরিয়েছেন। এখন বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। কিন্তু তাও তাঁর অভিনয়ে বুঁদ হয়ে থাকে আপামর বাঙালি। কথা হচ্ছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তীর।

ছবির সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ধারাবাহিকেও কাজ করেছেন এই কিংবদন্তী অভিনেত্রী। তবে এবার তাঁর অন্য এক রূপ সামনে এসেছে। এবার বাংলা ছবি বা ধারাবাহিক নয় মিউজিক ভিডিওতে নাচ করতে দেখা গিয়েছে আশির কিংবদন্তী অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটপাড়ার। গানের নাম ‘লিলি ডোন্ট বি সিলি’। যার আসর মাতিয়ে তুলেছেন অভিনেত্রী।

দর্শকরা পুরোদমে অভিনেত্রীর নাচ ভালোবেসেছেন। তাই তো ইতিমধ্যেই ভিডিওর দর্শকসংখ্যা পেরিয়ে গিয়েছে ১ লক্ষ। অন্যদিকে এদিন সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, এই পুরো বিষয়টি মূলত জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্ভব হয়েছে। তার সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে সুরকার-শিল্পী সমিধ মুখোপাধ্যায় এবং প্রযোজক এনা সাহাকে। তারই সঙ্গে এই মিউজিক ভিডিওর মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করতে চলেছেন এনার বোন সাক্ষী সাহা। বিপরীতে দেখা যাবে নবাগত ঋদ্ধিশ চৌধুরীকেও। সবমিলিয়ে জমে ক্ষীর এই মিউজিক ভিডিও।

এদিন সাক্ষাৎকারে লিলি চক্রবর্তী জানালেন, ভিডিওর একেবারে শেষ দিকে দেখা যাবে তাঁকে। এই আইটেম নাম্বারে নাচার প্রস্তাব পেয়ে প্রথমে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সে কথা নিজেই জানালেন। উত্তম কুমারের ‘দেওয়া-নেওয়া’ ছবির এই সহ-অভিনেত্রী এদিন সেটে গিয়ে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলেন। এরপর তাঁর কথায়, “শেষ পর্যন্ত নিজের মতো করে গানের তালে তালে একটু কাঁধ নাচিয়ে নিলাম। কী ভাবে আমাকে কী করতে হবে? সে বিষয়ে কেউ নির্দেশ দেয় নি।”

কিন্তু মিউজিক ভিডিওর পরিচালক-প্রযোজক থেকে শুরু করে দর্শক সবাই লিলি চক্রবর্তীর পারফরম্যান্স দেখে দারুণ খুশি হয়েছেন। অন্যদিকে এই ব্যাপারে জয়জিৎ বন্দোপাধ্যায় জানিয়েছেন, “তাঁর আশা ছিল ভিডিওটির মূল আকর্ষণ হয়ে উঠবেন লিলি চক্রবর্তী। তাই তিনি তাঁর কাছে অনুরোধ করেছিলেন।” এছাড়া তাঁর দাবি, ” গানে লিলি থাকবে অথচ নাচে লিলি থাকবে না! তা কী করে হয়?” তাঁর কথাতেই জানা গেল বিনা পারিশ্রমিকে এই মিউজিক ভিডিওতে কাজ করেছেন আশির এই কিংবদন্তী অভিনেত্রী। প্রথমে অভিনেত্রীর ভিডিও দেখে অবাক হলেও, পরে তাঁর নাচে মুগ্ধ হয়েছেন দর্শকেরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles