আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ রুজিরার, দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টের

কয়লা পাচারকাণ্ডে রুজিরা নারুলাকে সপ্তমীর দিন অর্থাৎ আগামী ১২ই অক্টোবর সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় পাতিয়ালা হাউস কোর্টের তরফে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক-পত্নী।

আজ, বুধবার দিল্লির নিম্ন আদালতে কয়লা পাচারকাণ্ড নিয়ে শুনানি ছিল। এই সময়ই জানা যায় পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছেন রুজিরা। এবার এই মামলা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রুজিরার তরফে জানানো হয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে সমন তাঁকে পাঠানো হয়েছিল, তার জবাব তিনি যথাসময়েই দিয়েছেন। তাই এক্ষেত্রে কোনও নিয়ম ভঙ্গ করেননি তিনি। রুজিরার তরফে আরও দাবী, কোনও মহিলাকে যদি তদন্তের জন্য তাঁর এলাকার বাইরে সমন পাঠাতে হয়, তাহলে এর জন্য একটি প্রাথমিক অনুসন্ধানের প্রয়োজন যা ইডি করে নি। এই দুই যুক্তিকে হাতিয়ার করেই পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানালেন রুজিরা।

বলে রাখি, পাতিয়ালা হাউস কোর্টের তরফে আগামী ১২ই অক্টোবর রুজিরাকে আদালতের সামনে সশরীরে হাজিরা দিতে বলা হয়। কারণ এর আগে ইডি তাঁকে তিনবার সমন পাঠালেও রুজিরা হাজিরা দেন নি। তিনি উল্টে চিঠি দিয়ে জানান যে তিনি দুই সন্তানের মা। তাই এই করোনা পরিস্থিতির মধ্যে তিনি একা দিল্লি গিয়ে হাজিরা দিতে পারবেন না।

তিনি চিঠিতে এও উল্লেখ করেন যে কয়লা পাচার কাণ্ডের মামলা এই রাজ্যের আর কলকাতায় ইডি-র দফতরও রয়েছে। তাই তাঁকে যাতে কলকাতাতেই সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয়, এমনও দাবী জানিয়েছিলেন রুজিরা।

কিন্তু ইডি এই দাবীতে সায় দেয় নি। এরপর তিনবার রুজিরা সমন এড়িয়ে গেলে পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয় ইডি। আর এরপরই আদালতের তরফে ১২ই অক্টোবর রুজিরাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গেলেন রুজিরা। চলতি বা আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

RELATED Articles