এবার পুজোয় বক্সঅফিস মাতাতে একসঙ্গে রিলিজ হচ্ছে দেবের দুটি বই। একটিতে তিনি অভিনয় করেছেন, অন্যটি তাঁর প্রযোজনা সংস্থার। চলতি বছরের পুজোতে দেবের প্রযোজনা সংস্থার তৈরি অনিকেত চট্টোপাধ্যায় পরিচালনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ আসতে চলেছে। যার ট্রেলারও ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে। বহুদিন আগেই ছবির টিজার প্রকাশ পেয়েছিল। এবার মারকাটারি ছবির ভিড়ে রূপকথার গল্প নিয়ে তৈরি এই ছবি। পাশাপাশি রয়েছে এক নতুন চমক। ট্রেলার দেখে ইতিমধ্যেই অনেকে সেই চমকের টের পেয়ে গিয়েছে।
তাঁর গলায় এক আলাদা মাত্রা পেয়েছে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবি। ছবির সূত্রধর হিসেবে শোনা যাবে প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর সুমন। পাশাপাশি শোনা যাবে বাংলা খেয়ালও। সব মিলিয়ে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’তে একেবারে চাঁদের হাট বসেছে। ছোটদের জন্য বাংলা ছবি এর আগে কম হয়নি। কিন্তু রূপকথার গল্প?
তবে পর্দায় সেভাবে কোনদিন রাজা-রানি বা বুদ্ধু-ভুতুমকে দেখা যায়নি। এবার দেবের প্রযোজনায় আসতে চলেছে তা। রাজা-রানির লুক রিলিজের পর অনুরাগীদের মনে আগ্রহ প্রথম থেকেই তৈরি হয়েছিল। এবার ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই উৎসুকতা আরও বড়ে গিয়েছে সকলের। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে সম্পূর্ণ রূপকথার রাজ্যে সেজে উঠেছে সবকিছু।
গল্পতে ‘বোম্বাগড়’ রাজ্যের রাজা হবুচন্দ্র। তাঁর রাজত্বে প্রজারা বেশ খুশি। তাঁর মন্ত্রী গবুচন্দ্র আর রানি কুসুমকলিকে নিয়ে রাজমহলে বেশ আনন্দেই থাকেন। কিন্তু ওই রাজ্যে দেখা দেবে সমস্যা। মন্ত্রীকে নিয়ে খুশি নয় রাজ্যের মানুষজন। কেন সবাই খুশি নন? তারই ইঙ্গিত কিন্তু ট্রেলারেও নেই। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘ঠাকুমার ঝুলি’র গল্প ‘সরকার মশাইয়ের থলে’ অবলম্বনে এই ছবি।
ছবির শুটিং হয়েছে ‘বাহুবলী’র সেটে। ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় ও বরুণ চন্দ। আগামী ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছোটদের জন্য এই ছবি। এবার দেখার এত মারকাটারি ছবির মধ্যে কি করে নিজেদের জায়গা করে নিতে পারে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’।





