জানুয়ারির শেষের দিক থেকেই বলিউডে গুঞ্জন শোনা যায় যে সাবা আজাদের সঙ্গে নাকি প্রেম করছেন হৃত্বিক রোশন। সেই মাসেই তাদের দুজনকে একসঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায়। সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃত্বিক। সেই সময় মাস্কের আড়ালে হৃত্বিকের সঙ্গে আসলে কে, তা জানা যায়নি।
তবে বলিপাড়ায় কী আর কোনও খবর চাপা থাকে! তাদের সম্পর্ক নিয়ে সাবা ও হৃত্বিক কোনও বাক্যব্যয় করেন নি। তবে শোনা যাচ্ছে তাদের প্রেমের বয়স নাকি দু’মাস। চুপিসারে একটি ট্রিপও সেরে ফেলেছেন তারা। এবার সেই প্রেমিকার গলাতেই বাংলা গান শুনে মুগ্ধ হলেন হৃত্বিক।
সাবা বেশ অসুস্থ কিন্তু তাতে কী! গান তো সবসময়ই আনন্দ দেয়। নিজের গানের ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাবা লেখেন, “যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমায় সত্যজিৎ রায়ের ক্লাসিক ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ক্যাসেট কিনে দিয়েছিলেন। তখন বাংলা কিছুই বুঝতাম না আমি। কিন্তু কী করে জানি না ওই ক্যাসেট টেপই আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠল। আর ওই গানের প্রতিটি শব্দ আমি শিখে ফেললাম। যদি উচ্চারণের ভুল ছিলই। আমি কিন্তু গানটির মানে বুঝতাম না । কিন্তু ওই যে ভাষাটা বড় কথা নয়”।
তিনি আরও লেখেন, “বহু বছর পর যখন এক অলস সন্ধেতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আমি অনুভব করি ওই গান আমি ভুলে যাইনি। সব হুবহু মনে থেকে গিয়েছে। এই ভাঙা গলায় আমার ভালবাসার গানের কিছুটা। যদি সাহস দেন তবে পুরোটাই শোনাতে পারি। যদিও গলা খারাপ থাকার জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি”।
View this post on Instagram
সাবার এই গানে যেন নেটিজেনরা নস্টালজিক হয়ে পড়লেন। সাবার সঙ্গে তারাও যেন নিজেদের ছোটবেলায় ফিরে গেলেন। তাঁর এই গান্র ভূয়সী প্রশংসা করেছেন সকলে। সাবার গানে মুগ্ধ হয়েছেন খোদ হৃত্বিক রোশনও। সাবার কমেন্ট বক্সে তিনি মন্তব্য করে লেখেন, “তুমি এক অসাধারণ মানুষ”।
উল্লেখ্য, সাবার বর্তমান বয়স ৩২। ২০০৮ সালে ‘দিল কবাড্ডি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তাঁর। এরপর ২০১১ সালে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে ‘মুঝসে ফ্র্যান্ডশিপ করোগে’তে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর শেষ ছবি ‘ইশক’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। তবে অভিনয়ই সাবার একমাত্র পেশা নয়। তিনি একাধারে সঙ্গীতশিল্পী ও লিরিসিস্টও। সব মিলিয়ে গুণের আধার সাবা আজাদ।






