মাত্র চারদিন আগেই রাজস্থানে মারা গেছেন তাঁর মা। লকডাউনের কারণে মায়ের শেষকৃত্যে হাজির হতে পারেননি অভিনেতা। তবে অন্য একটি সূত্র বলছে নিজের শরীর খারাপের কারনেই নাকি যেতে পারেননি তিনি। ভিডিও কলেই মাকে শেষবারের মতো দেখেছেন। আর আজ আবারও গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ইরফান খান। ইরফান এই মুহূর্তে ICU-তে রয়েছেন বলে জানা যাচ্ছে। বিগত দুই বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন তিনি।
সূত্র মারফত জানা যাচ্ছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন ইরফান খান। লকডাউনের মধ্যেই তড়িঘড়ি ইরফানকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সুতপা শিকদার ও দুই ছেলেও রয়েছেন বলে জানা যাচ্ছে।
নিউরো এন্ড্রোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়ার পর টানা একবছর বিদেশে চিকিৎসা চলেছে ইরফান খানের। এই বছরই তিনি চিকিৎসার পর লন্ডন থেকে ফিরেছেন। তবে তাঁর পরও ইরফানের চিকিৎসা জারি ছিল। সম্প্রতি, ইরফান খান অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ দিয়ে বলিউডে কামব্যাক করেন তিনি। তবে নিজের অসুস্থতার জন্য হাজির থাকতে পারেননি ছবির প্রিমিয়ারে।





