রাজ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়। এরমাঝেই আরেকবার প্রকাশ্যে এল বিজেপি-তৃণমূল কোন্দল। এবারে চাল পাচারের দায়ে অভিযুক্ত বীরভূমের দুবরাজপুরের তৃণমূল ব্লক সভাপতি। বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
বিজেপির অভিযোগ, মঙ্গলবার সকালে তৃণমূল ব্লক সভাপতি অটোতে করে ফুড কর্পোরেশনের চাল পাচার করতে যাচ্ছিলেন। হাতেনাতে তাঁকে ধরা হয়। তিনি ফুড কর্পোরেশনের লোগো লাগানো বস্তা ছেঁড়া কাথায় ঢেকে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।
কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই ব্লক সভাপতি। তাঁর দাবি, এই চাল ফুড কর্পোরেশনের চাল নয়। তৃণমূলের তরফে দেওয়া ত্রাণের চাল, তিনি বিলি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, যাদের বিলি করবেন তাদের নামের লিস্টও তাঁর কাছে রয়েছে।
যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন দুবরাজপুরের বিডিও। অন্যদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২। সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ২২ জনের।





