ফের ‘শ্রীময়ী’র জীবনে ফিরছে জুন আন্টি, দর্শক টানতেই কী এই সিদ্ধান্ত?

বেশ কিছু মাস ধরেই দেখা মিলছে না জুন গুহের। আপাতত জেলেই রয়েছেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে ফের শ্রীময়ীর জীবনে  ফিরছেন তিনি। হ্যাঁ, বহু চর্চিত সেই চরিত্র জুন আন্টি ফের ফিরছেন ধারাবাহিকে। জুন গুহ-র থেকে জুন আন্টি নামেই তিনি বেশি পরিচিত। আর সেটাকেই পরম প্রাপ্তি বলে মনে করেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।

দু’দিন আগেই রাজনৈতিক ক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়য়ের ত্রিকোণ সম্পর্কে এই ধারাবাহিকের তুলনা টানা হয়। যেখানে শ্রীময়ী জায়গায় ছিলেন রত্না, শোভন অনিন্দ্যের জায়গায় ও বৈশাখী হন জুন আন্টি। কিন্তু হঠাৎ কেন জুন আন্টিকে ফিরিয়ে আনা হল?

আরও পড়ুন- গুনগুনকে ছাড়া আর এক মুহূর্ত চলছে না সৌজন্যের, শেষমেশ ‘ইডিয়ট’ বউয়ের বাঁধনে বাঁধা পড়ল ‘ক্রেজি’ 

যে কটা দিন জুনকে এই ধারাবাহিকে দেখা যায়নি, তার মধ্যে অনেক নতুন চরিত্রের আগমন ঘটেছে ধারাবাহিকে। কিন্তু ধারাবাহিকের জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে। অন্যান্য ধারাবাহিকের থেকে টিআরপির তালিকায় অনেকটাই নীচের নেমে গিয়েছে ‘শ্রীময়ী’। তবে কী জনপ্রিয়তা ফেরাতেই জুন আন্টিকে দরকার পড়ল ধারাবাহিক নির্মাতাদের? 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী জানান, তাঁর ফেরার কথা আগে থেকেই স্থির হয়ে ছিল। লীনা গঙ্গোপাধ্যায় তাঁকে বলেছিলেন, জুন গুহ জেল থেকে বেরিয়ে আবার শ্রীময়ীর জীবনে ফিরবে। ‘তবেএ বারে কি জুন আন্টি ভাল মানুষ হয়ে গিয়েছে? নাকি আগের মতোই আছে’? ঊষসীর কথায়, “লকডাউন হওয়ার আগে কয়েক দিন শ্যুট করলাম। কিন্তু জুন ভাল হয়ে গিয়েছে কিনা সেটা বুঝলাম না”। তবে জনপ্রিয়তা ফেরানোর জন্য জুন আন্টিকে ফেরানো হচ্ছে, এই যুক্তি মানতে চাইলেন না অভিনেত্রী।

ঊষসীর কথায়, “জুন আন্টিকে ফিরিয়ে আনার পিছনে কোনও বিশেষ কারণ নেই। জুনকে ফেরানো হতোই। আমি মনে করি না, আমি অপরিহার্য। লীনাদির লেখনী, মামণিদি (ইন্দ্রানী হালদার), টোটাদার (টোটা রায়চৌধুরী) মতো শিল্পীরা এই ধারাবাহিকে কাজ করেন। জনপ্রিয়তা এখনও আগের মতোই আছে”।

জুন আন্টির চরিত্র নিয়ে ঊষসী জানালেন, “আমার কাছে জুন গুহ কখনওই খলনায়িকা নয়। আমার মনে হয়, আমি এই চরিত্রটাকে বুঝি। পরিস্থিতির শিকার সে। সেও চায় না কারও খারাপ করতে। কিন্তু সব হারানোর ভয়ে অন্যায় করে ফেলে। তাই আবার চরিত্রের প্রতি সুবিচার করতে পারব জেনে বড্ড খুশি আমি”।

আরও পড়ুন- নিজের সম্মান বাঁচাতে কার থেকে দূর হয়ে গেলেন রোশন? শ্রাবন্তীর স্বামীর নতুন পোস্ট ঘিরে জল্পনা

আবার, শোভন-রত্না-বৈশাখীকে নিয়ে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের সঙ্গে তুলনা করে যে খবর প্রচার হয়েছিল, সেরকমই একটি লেখা শেয়ার করেছিলেন ঊষসী। তবে সেই পোস্টটির জন্য সমালোচনার মুখেও পড়েন তিনি। তাই পরে সেই পোস্টটি সরিয়ে দেন অভিনেত্রী।

RELATED Articles