মাদকচক্রে দীপিকার নাম, বুলিউড মাফিয়াদের কড়া বার্তা কঙ্গনা রানাওয়াতের

বলিউডের এক বিখ্যাত গানের লাইন ‘বোলে চুড়িয়া বোলে কঙ্গনা’। এই লাইনটিকেই এখন নেটিজেনরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত-এর (Kangana Ranaut) ক্ষেত্রে বারংবার প্রয়োগ করছেন। অনেকেই বলছেন, ‘কঙ্গনা আর বোলো না।’ যদিও অভিনেত্রী আছেন নিজের মর্জিতেই। নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি আবার মুখ খুললেন বলিউডের বিরুদ্ধে।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) মাদক (Drug) নেওয়ার অভিযোগের ভিত্তিতে শুক্রবার হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে এনসিবি। এই পরিপ্রেক্ষিতে কুইন অভিনেত্রী বললেন, এই প্রথম ‘বুলিউড মাফিয়ারা’ (Bullywood Mafia) হয়ত ভাবছেন, সুশান্তের যদি মৃত্যু না হত কিংবা কঙ্গনাকে যদি তাঁরা দূরে সরিয়ে না দিতেন। এখন বি টাউনের অনেকেই আফশোস করছেন। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর পর থেকেই বলিউডের একটি বড় অংশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ শুরু করেন কঙ্গনা। এই কাজ করতে করতে গোটা বিষয়টি পৌঁছে যায় রাজনীতির জগতে। বর্তমানে মহারাষ্ট্রে শিবসেনা সরকারের সঙ্গে কঙ্গনার বিরোধ তুঙ্গে উঠেছে।

তবে সম্প্রতি কঙ্গনার ধারাবাহিক আক্রমণের মুখ ফের ঘুরে গিয়েছে বলিউডের দিকে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসার পর কঙ্গনা দীপিকা পাড়ুকোনের উদ্দেশ্যে বিতর্কিত আক্রমণ করেছেন। যদিও এখনও কঙ্গনার বিরুদ্ধে কেউ মুখ খোলেননি কিন্তু যেভাবে অভিনেত্রী মাত্রা ছাড়াচ্ছেন তাতে তিনি নিজে যে কোন সময় বিটাউন থেকেই বিপদে পড়তে পারেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

অন্যদিকে দীপিকাকে এখন সমন পাঠানো হলেও বর্তমানে তিনি করণ জোহরের একটি সিনেমার শুটিংয়ের কাজে গোয়ায় রয়েছেন। আপাতত সেখানে বসেই তিনজন আইনজীবীসহ ১২ জনের একটি লিগাল টিমের সঙ্গে নিজের আগামী পদক্ষেপ নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন পিকু অভিনেত্রী। সম্ভবত গোয়া থেকে চাটার্ড বিমানে করে দীপিকা মুম্বই আসতে চলেছেন।

দীপিকা ছাড়াও সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, ফ্যাশন ডিজাইনার সিমোন খাম্বাট্টা, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ সহ আরও একজন অভিনেত্রীকে সমন পাঠিয়েছে এনসিবি (NCB)।

RELATED Articles

Leave a Comment