শিবসেনা এখন অতীত, কঙ্গনার লড়াই এবার ভেটেরান অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গে। গতকাল আচমকাই রাজ্যসভায় কঙ্গনাকে নাম না করেই আক্রমণ করেছিলেন জয়াজি। বলেছিলেন, “কিছুজন যে থালাতে খাচ্ছে সেই থালাতে ফুটো করছে।”
স্বাভাবিকভাবেই তার আক্রমণের তীর ছিল কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) দিকে। যদিও চুপ করে থাকার মানুষ নন কঙ্গনা। ইনি কালকেই জয়া বচ্চনকে প্রত্যুত্তর করেছিলেন। “আপনার মেয়ে শ্বেতা যদি এরকম ভাবে নিগৃহীত হত, ছেলে অভিষেক যদি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তো আপনি চুপ করে থাকতে পারতেন তো?” জয়া বচ্চনকে ঝাঁঝালো কন্ঠে প্রশ্ন করেছিলেন কঙ্গনা। তবে তিনি যে এখনো নিজের রাগ পুষে রেখেছেন তার প্রমাণ পাওয়া গেল আজকের বক্তব্যে।
এদিন কঙ্গনা হিন্দিতে টুইটারে বলেন, “কোন থালার কথা বলছেন জয়া বচ্চন? সেই থালা যেখানে দুই মিনিটের রোল, একটা রোম্যান্টিক সিন আর একটা আইটেম সং অফার করা হয়, তাও হিরোর সঙ্গে শোয়ার পর?”
স্বাভাবিকভাবেই বলিউডে কাস্টিং কাউচ নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেলো কঙ্গনার ট্যুইটের পর! এখানেই থেমে থাকেননি কুইন অভিনেত্রী। তিনি বলেন যে, বলিউডকে ফেমিনিজম তিনি শিখিয়েছেন, জাতীয়তাবাদী ছবি তৈরি করে তিনি থালা সাজিয়েছেন। ফলে বিতর্ক কমা তো দূর অস্ত, এবার জয়া বচ্চন বনাম কঙ্গনা রানাওয়াত এর দ্বিতীয় রাউন্ডের লড়াই শুরু হয়ে গেল, মনে করছে ঘনিষ্ঠ মহল।
কঙ্গনা বলিউডকে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই দোষারোপ করে আসছিলেন। কখনো মুভি মাফিয়া আবার কখনো বলিউড ড্রাগচক্রের অভিযোগ। এমনকি বলিউডকে তিনি বুলিউড বলেও অভিহিত করেন।
স্বাভাবিকভাবেই কঙ্গনার বিরুদ্ধে মুখ খোলেন বলিউডের (Bollywood) একাংশ। সেই তালিকায় নতুন নাম যুক্ত হয়েছে জয়া বচ্চনের। সাধারণত অমিতাভ পত্নীকে কোন বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না। সেখানে গতকাল রাজ্যসভায় জিরো আওয়ারে হঠাৎ করে তিনি কঙ্গনার বিরুদ্ধে নাম না করে আক্রমণ করেন। তার আক্রমণের আরো একজন উদ্দেশ্য ছিল, তিনি হলেন বিজেপি সাংসদ ভোজপুরি অভিনেতা রবি কিষণ। রবিও বলিউড এর সঙ্গে মাদক নিয়ে কিছু কথা বলেছিলেন সংসদে। তারই পরিপ্রেক্ষিতে জয়া বচ্চন মুখ খোলেন।
ফলে সুশান্ত সিং রাজপুতের ভক্তদের রীতিমতো চক্ষুশূল হয়ে উঠেছেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তীব্র ভাষায় অপমান করেছেন। যদিও জয়া বচ্চন বলিউডের অধিকাংশ মানুষকেই নিজের পাশে পেয়েছেন। তার পাশে দাঁড়িয়েছেন রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, কুনাল কামরা, ফারহান আখতার সহ বিভিন্ন বলিউড সেলিব্রিটিরা। সোনম কাপুর তো লিখেছেন, তিনি যখন বড় হবেন তখন যেন তিনি জয়া বচ্চনের মত হতে পারেন!
অন্যদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বচ্চন পরিবারের বাড়ি জলসার সামনে পুলিশের প্রহরা বৃদ্ধি পেয়েছে।





