সুশান্ত অস্বাভাবিক মৃত্যু তদন্ত: চলতি সপ্তাহে পুলিশি জেরার মুখে করণ জোহর!

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার ডাক পড়তে চলেছে ধর্মা প্রোডাকশনের কর্ণধার তথা পরিচালক করণ জোহরের। সোমবার সন্ধ্যা বেলায় মুম্বই পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হল। রবিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ একটি আভাস দিয়েছিলেন যাতে মনে হয়েছিল মুম্বই পুলিশ জলদিই করণ জোহরকে সুশান্তের অস্বাভাবিক মৃত্যু তদন্তের জন্য জেরা করতে পারে।

আজ সন্ধ্যায় কিছুক্ষণ আগে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে চলতি সপ্তাহেই করণ জোহরকে সুশান্তের অস্বাভাবিক মৃত্যু তদন্তে মামলায় বয়ান রেকর্ডের জন্য ডাকা হবে। সংবাদ সংস্থা এএনআই টুইট করে এই কথা জানিয়েছে। এদিকে সোমবার সান্তাক্রুজ থানায় পুলিশি জিজ্ঞাসাবাদ করা হয় পরিচালক মহেশ ভাটকে।

তবে শুধু করণ জোহর না, তাঁর সঙ্গে ধর্মা প্রোডাকশন এর সিইও অপূর্ব মেহতাকেও ডাক পাঠিয়েছে মুম্বই পুলিশ। অপূর্ব মেহেতা ও করণ জোহর আবার দীর্ঘদিনের বন্ধুও বটে। অপূর্ব ধর্মা প্রোডাকশন এর সমস্ত কাজ একা হাতে সামলান। এছাড়াও করণ জোহরের ম্যানেজার রেশমা শেট্টির বয়ান পুলিশ আগেই নিয়ে নিয়েছে।

মুম্বই পুলিশ এখনো পর্যন্ত এই তদন্তে কোনো রকম ভাবে খুনের ‘প্রমাণ’ পায়নি, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন বলে পুলিশের দাবি যদিও সুশান্তের অনুরাগী থেকে অনেক বড় বড় তারকারাই বলছেন যে সুশান্তকে খুন করা হয়েছে। আর এই তদন্তের জন্য তারা সিবিআই হস্তক্ষেপের দাবি করে যাচ্ছেন বিগত এক মাস ধরে।

যদিও সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পরেই অনিল দেশমুখ জানিয়েছিলেন যে, সুশান্তের ‘আত্মহত্যা’র কারণ হিসাবে বলিউড জগতে যে রেষারেষি চলে সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

ইতিমধ্যেই আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বনশালি, রিয়া চক্রবর্তী সহ অনেক বিশিষ্ট জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যে সঞ্জয় লীলা বনশালি এবং আদিত্য চোপড়া পরস্পর বিরোধী বয়ান দিয়েছেন!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পিছনে করণ জোহরের বড়োসড়ো ‘অবদান’ রয়েছে বলে মনে করেন সুশান্তের অনুরাগীরা। কারণ করণের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ যে তিনি শুধু স্টারকিডদেরই লঞ্চ করেন বলিউডে। বেঁচে থাকা অবস্থায় সুশান্তের অভিনীত শেষ ছবি ছিল ড্রাইভ। এই ছবির প্রযোজক ছিলেন করণ জোহর। এই ছবিটি মুক্তি পায় নেটফ্লিক্সে। নেটফ্লিক্সে এই ছবির মুক্তি পাওয়া নিয়ে করণের সঙ্গে ঝামেলা বাঁধে সুশান্তের। সুশান্ত কোনোভাবেই চাননি এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাক। এই খবর ফলাও করে গত বছর মিডিয়াতে প্রকাশও হয়েছিল। অন্যদিকে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বারংবার দাবি করে আসছেন যে বলিউডের মুভি মাফিয়ারা সুশান্তকে পরোক্ষভাবে হত্যা করেছে। তিনি আদিত্য চোপড়া ও করণ জোহরের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন।

অন্যদিকে ডিজনি হটস্টারে শুক্রবারে মুক্তি পেয়েছে সুশান্তের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ যা ইতিমধ্যে দর্শকদের ভালোবাসায় বিভিন্ন রেকর্ড ভেঙে ফেলেছে।

RELATED Articles

Leave a Comment