টলিউডের আরেকবার বড়োসড়ো প্রতারণার ছায়া। অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়া হবে এই লোভ দেখিয়ে প্রথমে যুবক-যুবতীদের থেকে ৬০০ টাকা নিয়ে রেজিস্ট্রেশন করানো হতো তারপরে বলা হতো যে তিন মাসে ৬০০০ টাকা দিয়ে প্রশিক্ষণ নিলেই নাকি মিলবে টলিউডে কাজ করার সুযোগ। রাজ্য মহিলা কমিশন এর চেয়ারম্যান তথা টলিউডের অন্যতম পরিচিত মুখ লীনা গঙ্গোপাধ্যায় এর ছবি দিয়ে এবং তার সংস্থার নাম ভাঁড়িয়ে এই ভাবেই প্রতারণা করা হচ্ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যুবক-যুবতীদের। পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই এই সংক্রান্ত অভিযোগ জমা পড়ছিল। শেষমেষ অভিযুক্তকে পাকড়াও করা গিয়েছে। তার নাম শশীকান্ত ভৌমিক।
বাঁকুড়া বীরভূম পুরুলিয়া জেলা সহ বিভিন্ন জায়গার ছেলে মেয়েদের অভিনয় লোভনীয় প্রস্তাব দিত শশীকান্ত। জেলার লোকাল কেবল চ্যানেলগুলিতে সে নিজের এবং লীনা গঙ্গোপাধ্যায় এর ছবি ও সংস্থার নাম দিয়ে বিজ্ঞাপন দিত। সেই বিজ্ঞাপন দেখেই আকৃষ্ট হয়ে শশীকান্তের সঙ্গে যোগাযোগ করত অনেকে এবং তারপরেই শুরু হতো প্রতারণা। ৬০০ টাকা দিয়ে করানো হত রেজিস্ট্রেশন। এরপর ৬ হাজার টাকা দিয়ে ৩ মাসের কোর্স করার কথা বলা হত যোগাযোগকারীকে।
দীর্ঘদিন ধরে এভাবেই প্রতারণা চালিয়ে আসছিল শশীকান্ত ভৌমিক। তার বিরুদ্ধে থানায় দায়ের হচ্ছিল একের পর এক অভিযোগ। লীনা গঙ্গোপাধ্যায় সংস্থার কাছেও এই খবর পৌঁছায়। এরপর এই কোম্পানির পর তারা জানতে পারেন যে যোধপুর পার্কের কাছে একটি বাড়িতে এসে শশীকান্ত এবং তার দলবদল অডিশন নিতে আসবেন। তারা পুলিশে খবর দেন। আজ মঙ্গলবার পুলিশ সেখানে হাজির হয়, সঙ্গে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার কর্তারা। সেখানেই সদলবলে পাকড়াও করা হয় এই প্রতারককে।
তবে পুলিশ মনে করছে যে টলিউডের কারো সাহায্য ছাড়া এতদিন ধরে এইকাজ শশীকান্তর পক্ষে চালানো সম্ভব নয়। পুলিশ এখন খতিয়ে দেখবে যে শশীকান্তর সঙ্গে টলিউডে কারোর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে কিনা।






