আজ অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের জন্মদিন। আজ অভিনেতার জন্মদিনে একবার ঘুরে আসা যাক তাঁর কাজ ও ব্যক্তিগত পরিসরে। সুদর্শন, আকর্ষণীয় এই অভিনেতা যে কোনও বাঙালি মেয়ের হার্টথ্রব। এমন কোনও তরুণ প্রজন্মের বাঙালি মেয়ে হয়ত নেই যে একবার হলেও আবিরের প্রেমে পড়েন নি। তার হাসি, ব্যক্তিত্ব, কথা ও সর্বোপরি গালের ওই কাটা দাগ, এসবের উপরেই মেয়েরা পুরো ফ্ল্যাট। এতো বাঙালি মেয়েদের কাঙ্খিত পুরুষ হলেও ব্যোমকেশ নিজে কিন্তু তার সত্যবতী বলতেই অজ্ঞান। এতো মেয়ের ডাক উপেক্ষা করে, সকলের মন ভেঙে দিব্যি নিজের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার চালিয়ে যাচ্ছেন আবির।
২০০৬ সালে ‘রবিবারের বিকেলবেলা’ ধারাবাহিকের মাধ্যমে প্রথম অভনয় জীবনে প্রবেশ করেন আবির চট্টোপাধ্যায়। এরপর ২০০৯ সালে ‘ক্রস কানেকশন’ ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় পথ চলা শুরু তার। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ব্যোমকেশের চরিত্রে যেভাবে আবির চট্টোপাধ্যায় নিজেকে তুলে ধরেছেন, তা এককথায় অনবদ্য। তার জন্যই যেন ব্যোমকেশ চরিত্র আলাদা মাত্রা পায়। তবে ফেলুদার চরিত্রেও সে যথেষ্ট সচল। দর্শককে হলে টানার এক অদ্ভুত ক্ষমতা আছে আবিরের। বিভিন্ন রহস্যভেদী চরিত্রে আবিরের জুড়ি মেলা ভার।
অনেকেই ভাবেন, যার নামের মধ্যেই এত রঙ, তাঁর জীবনও নিশ্চয়ই বিভিন্ন রঙে সাজানো। হ্যাঁ, তা একদিক থেকে সত্যি, কিন্তু তাঁর এই রঙিন জীবনে রয়েছে শুধুই তাঁর স্ত্রী নন্দিনী। নন্দিনীকে খুব একটা বেশী ক্যামেরার সামনে দেখা না গেলেও, এই দুই জুটি একসঙ্গে মাঝে মধ্যেই ক্যামেরার সামনে ধরা দেন। কোনওরকম বিতর্ক বা দাম্পত্য কলহ ছাড়াই তারা দীর্ঘদিন চুটিয়ে সংসার করছেন। পরিবার ও কাজকে কীভাবে সমানভাবে ব্যালেন্স করতে হয় তা আবির ভালভাবেই জানেন।
একবার একটি সাক্ষাৎকারে আবির বলেছিলেন, মাঝে মধ্যে দাম্পত্য জীবনে একটু ‘স্পার্ক’ আনতে তিনি নাকি ইচ্ছাকৃতই নন্দিনীর সঙ্গে ঝগড়া করেন, তবে তা অবশ্য বেশীক্ষণ স্থায়ী হয় না। ছোটবেলায় একবার প্রেমে ব্যর্থ হন আবির। দুঃখে নাকি অনেক কবিতাও লিখেছেন। তবে ছোটবেলায় যতই প্রেমে ব্যর্থ হন না কেন, স্বামী হিসেবে যে তিনি একেবারে ছক্কা হাঁকিয়েছেন তা দেখলেই বোঝা যায়। নন্দিনীর প্রেমে আজও হাবুডুবু খাচ্ছেন তিনি।
প্রেমের ক্ষেত্রে আবির ভীষণ লয়্যাল। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন মিডিয়ায় যখনই নন্দিনী ও তাকে নিয়ে কোনও গসিপ হয়, তিনি তা আগে নন্দিনীকে বলেন। সব গসিপের জন্য নন্দিনীর আলাদা একটা টেক আছে, সেটা নাকি খব ইউনিক। আবির ও নন্দিনীর একটি ছোট্ট মেয়ে আছে। লকডাউনের সময় স্ত্রী, মেয়ে ও গোটা পরিবারের সঙ্গে তিনি চুটিয়ে সময় কাটিয়েছেন। বর্তমানে জি বাংলার ‘সা রে গা মা পা’-তে সঞ্চালকের ভূমিকায় রয়েছে আবির।
আবির ডার্ক চকলেট ও আচার খেতে নাকি ভীষণ ভালোবাসেন। তাই তাঁর জন্মদিন হোক বা অন্য অনুষ্ঠান, চকলেট কেক তো থাকবেই। আজ তাঁর জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা। তাঁর জীবন আরও রঙিন ও সুন্দর হয়ে উঠুক, এটাই সকলের কাম্য।





