নারী শুধু ‘ডাইনি’ নয়, লড়াকুও! সমাজের অন্ধকারে আলো ফেলতে আসছে মিমি চক্রবর্তীর নতুন সিরিজ ‘ডাইনি’, ১৪ মার্চ!

সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার বদল ঘটলেও কিছু কিছু কুসংস্কার আজও সমাজের ভিতরে গেঁথে আছে। নারী হওয়ার ‘অপরাধে’ আজও বহু মেয়েকে অবহেলার শিকার হতে হয়, কুপ্রথার বলি হতে হয়। সমাজের চোখে নারীদের বিচার করার দৃষ্টিভঙ্গি যেন বদলায় না। এক সময় ‘ডাইনি’ অপবাদ দিয়ে নারীদের নির্মম অত্যাচার করা হত, আজও কি পরিস্থিতি বদলেছে? নারী যখন নিজের অধিকারের জন্য আওয়াজ তোলেন, তখনও তাঁকে শুনতে হয় নানান কটাক্ষ! এই বাস্তবতাই আরও একবার সামনে আনতে চলেছে মিমি চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘ডাইনি’ (Daini)

বিগত কয়েক বছরে সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে লড়াইকে ভিত্তি করেই তৈরি হয়েছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ। তবে ‘ডাইনি’ শুধুই একটি ওয়েব সিরিজ নয়, বরং এক গভীর সামাজিক বার্তা বহন করে। এটি শুধুমাত্র অতীতের ‘ডাইনি’ অপবাদের কথাই বলে না, বরং বর্তমান সমাজে নারীদের প্রতিদিনের লড়াইকেও তুলে ধরে। সিরিজটি পরিচালনা করেছেন নির্ঝর মিত্র (Nirjhar Mitra) এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক সাহসী নারীর লড়াই, যিনি সমাজের গভীরে থাকা কুপ্রথার শিকল ভাঙতে চান।

সিরিজের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিমি চক্রবর্তী। সেখানে তিনি সিরিজের গল্প ও নিজের চরিত্রের অভিজ্ঞতা শেয়ার করেন। তবে শুধু অভিনয়ের দিকেই সীমাবদ্ধ থাকেননি, বরং কথা বলেছেন নারীদের দৈনন্দিন জীবনের লড়াই নিয়েও। মিমি বলেন, “একজন মেয়ে জন্মের পর থেকেই পুরুষতান্ত্রিক সমাজের বাস্তবতা টের পেতে শুরু করে। স্কুল-কলেজে পড়ার সময় থেকে শুরু করে কর্মক্ষেত্রে কাজ করার সময় পর্যন্ত— প্রতিটি ধাপে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।” মিমি মনে করেন, নারীদের লড়াই শুধু পারিবারিক বা সামাজিক বাধার মধ্যেই সীমাবদ্ধ নয়, কর্মক্ষেত্রেও সেই একই সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি বলেন, “একজন নারী যখন কোনও উচ্চপদে থাকেন, তখন চারদিকে নানা ধরনের আলোচনা শুরু হয়ে যায়। যদি একজন মহিলা অন্তঃসত্ত্বা হন, তবে তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়ার চিন্তা আসে, অথচ একজন পুরুষের ক্ষেত্রে তা হয় না। বেতনবৈষম্য থেকে শুরু করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা— সবেতেই নারীরা বারবার বঞ্চিত হন।”

আরও পড়ুনঃ বিচারকের হেনস্থা, পকসো মামলায় গাফিলতি! সরকারি আইনজীবীকে তলব, হাইকোর্টের কড়া রুল জারি!

নারীকে কলঙ্কিত করার এই প্রচলন নতুন নয়, বরং যুগ যুগ ধরে চলে আসছে। মিমি বলেন, “ইভ টিজিং কি নতুন? সতীদাহ প্রথা, খনার জিভ কেটে নেওয়া— সবই তো নারীদের দমিয়ে রাখার প্রথা। আগে ‘ডাইনি’ বলেই মারা হত, আজ তা হয় মানসিকভাবে। নারী আজও নানান ভাবে অত্যাচারিত।” তিনি মনে করেন, এখনও সমাজের একাংশ নারীদের স্বাধীন চিন্তাভাবনাকে মেনে নিতে পারে না। যখনই কোনও নারী নিজের অধিকারের জন্য লড়াই করেন, তখন তাঁকে ‘নারীবাদী’ তকমা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়। তিনি বলেন, “আজকাল কেউ মেয়েদের অধিকারের কথা বললেই তাকে ‘ফেমিনিস্ট’ বলে দাগিয়ে দেওয়া হয়, যেন এটা একটা গালি! কিন্তু আসলে তো আমরা শুধু আমাদের প্রাপ্য জিনিসটাই চাইছি। সমানাধিকার যদি সত্যি থাকত, তাহলে তো লড়াই করতে হত না!”

এই প্রসঙ্গে আসল খবর— ১৪ মার্চ থেকে হইচই (Hoichoi)-তে স্ট্রিমিং শুরু হবে ‘ডাইনি’ (Daini)-র। ট্রেলার দেখে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সমাজের গভীরে থাকা লিঙ্গ রাজনীতি, ধর্মীয় কুসংস্কার এবং নারীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কীভাবে এক সাহসী নারী লড়াই করেন, সেটাই সিরিজের মূল গল্প। সিরিজটি শুধুমাত্র বিনোদন নয়, বরং বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরবে। মিমি চক্রবর্তী এবং পরিচালক নির্ঝর মিত্রের মতে, এই সিরিজ শুধুমাত্র অতীতের ঘটনার কথা বলবে না, বরং বর্তমান সমাজেও নারীদের সংগ্রামের কথা তুলে ধরবে। নারী স্বাধীনতার প্রশ্নে সমাজকে নতুন করে ভাবাবে এই সিরিজ, এমনটাই আশা দর্শকদের।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles