শুটিং বন্ধ টলিপাড়ায়, থমকে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ

টলিউড (Tollywood) এখন ব্যস্ততার মাঝেও বিতর্কের কেন্দ্রে। একদিকে নতুন ছবি, ধারাবাহিক এবং সিরিজের শুটিং শুরু হলেও, অন্যদিকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে টেকনিশিয়ানদের। এই মুহূর্তে বিনোদন জগতের জনপ্রিয়তা যেমন তুঙ্গে, তেমনই শিল্পীদের জীবনে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন চ্যালেঞ্জ। সময়মতো শুটিং শেষ না হওয়া, টেকনিশিয়ানদের সমস্যা বা সংগঠনের রোষ- এ সব যেন টলিউডের নিত্যদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি এই বিতর্কে যোগ হয়েছে আরও এক নতুন মাত্রা। জানুয়ারি থেকে একের পর এক মেগা প্রজেক্টের শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বেশ ভাবিয়ে তুলেছে ইন্ডাস্ট্রিকে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly), জয়দীপ মুখোপাধ্যায় (Jaydeep Mukherjee), এবং সৃজিৎ রায় (Shrijit Roy)- এই তিনজনের শুটিং মাঝপথে থেমে যাওয়ার খবর ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। তাঁদের মধ্যে কেউই মুখ খুলতে রাজি নন। তবে একাধিক সূত্রে জানা গিয়েছে, সমস্যার শিকড়ে রয়েছে ফেডারেশন এবং টেকনিশিয়ানদের মধ্যে ভুল বোঝাবুঝি।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘জংলা’-র শুটিং নিয়ে সমস্যার শুরু। উত্তরবঙ্গে ছবির শুটিং হওয়ার কথা থাকলেও, ফেডারেশনের পক্ষ থেকে শুটিং বাতিলের নির্দেশ আসে। যদিও পরে কৌশিক নিজে উদ্যোগ নিয়ে বিষয়টি মিটিয়ে নেন। একই সমস্যার সম্মুখীন হন জয়দীপ মুখোপাধ্যায়। তিনি এখনো চুপ থাকলেও, কৌশিক জানিয়েছিলেন, “টেকনিশিয়ানদের সঙ্গে সামনাসামনি বসে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছি।” তবে এখানেই শেষ নয়।

এবার সরস্বতী পুজোর দিন পরিচালকের আসনে বসা সৃজিৎ রায়ও একই ধরনের সমস্যার সম্মুখীন হন। তাঁর নতুন সিরিজ়ের শুটিং শুরুর আগেই থেমে যায় সবকিছু। হইচই প্ল্যাটফর্মের জন্য তৈরি এই সিরিজ়ের শুটিং শুরুর আগে, কল টাইম দেওয়া হলেও টিমের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি সৃজিৎ। একইসঙ্গে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-র শুটিংও বন্ধ হয়ে যায়। ধারাবাহিকের শিল্প নির্দেশনা বিভাগের কর্মীরা কাজ করতে অস্বীকার করেছেন।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে হাই কোর্টের রায়ে সিলমোহর, বাতিল হতে চলেছে ১২ লক্ষ ওবিসি শংসাপত্র

শেষমেশ, ইন্ডাস্ট্রি জুড়ে প্রশ্ন উঠেছে— এই সমস্ত সমস্যার কারণ কি আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, নাকি ফেডারেশন সভাপতির বিরুদ্ধে মানহানির মামলার জের? টলিউড কি ক্রমশই বড়সড় সংকটের দিকে এগোচ্ছে? উত্তরের অপেক্ষায় থমকে রয়েছে পুরো ইন্ডাস্ট্রি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles