ফেব্রুয়ারির শুরুতেই আবহাওয়ার অদ্ভুত খেলা
শীত, গরম এবং কুয়াশার মিশেলে ফেব্রুয়ারির শুরু থেকেই রাজ্যের আবহাওয়া যেন দোলাচলে ভুগছে। শীতের বিদায়লগ্নে মাঝে মধ্যেই ফিরে আসছে ঠান্ডার আমেজ। তবে সেই সঙ্গে রোদ আর গরমের অস্বস্তি যেন জানিয়ে দিচ্ছে গ্রীষ্মের আগমনের বার্তা। এমন অবস্থায় সরস্বতী পুজোর দিন গরমের অস্বস্তি বেশ ভাবিয়ে তুলেছিল মানুষকে। ঠিক তার পরের দিনই তাপমাত্রার নাটকীয় পতন নতুন করে শীতের আশা জাগিয়েছে।
তাপমাত্রার ওঠাপড়া এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি
হাওয়া অফিস জানিয়েছে, সরস্বতী পুজোর পরদিন অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়ায় ১৭.৪ ডিগ্রিতে। আজ, মঙ্গলবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি সপ্তাহের শেষদিকে তাপমাত্রা আবার ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
কুয়াশার প্রভাব এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামিকাল এবং পরশুদিন এই কুয়াশার প্রকোপ আরও বাড়বে। বিশেষ করে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট বজায় থাকবে। এই অবস্থায় সকালবেলা গাড়ি চালানোর সময় চালকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
উত্তরবঙ্গের আবহাওয়ায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদহের মতো জেলাগুলিতে আগামী পাঁচদিন তাপমাত্রা প্রায় একই থাকবে। আজ এবং আগামিকাল এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গেও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ শুটিং বন্ধ টলিপাড়ায়, থমকে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ
আবহাওয়া দপ্তরের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই রাজ্যে শীত পুরোপুরি বিদায় নেবে। মাঘের শেষলগ্নে যে শীতের আমেজ দেখা যাচ্ছে, তা হয়তো আর বেশি দিন স্থায়ী হবে না। তবে আগামী সাতদিন বাংলার কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট থাকলেও দিনের বেলায় রোদের উপস্থিতি গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে। তাই এই মুহূর্তে শীতের শেষ মেজাজ উপভোগ করাই রাজ্যবাসীর একমাত্র উপায়।





