ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন কিন্তু নেটফ্লিক্স দেখেন না এরকম মানুষ বোধহয় নেই। বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হল নেটফ্লিক্স। এবার ৮৩ বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে নেটফ্লিক্স! ঠিকই পড়েছেন ৮৩ বছর! না কোনরকম বোকা বানানো নয়, সত্যিই অফার দিচ্ছে নেটফ্লিক্স।
করোনা জেরে সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা তৈরি হলেও ওটিটি প্ল্যাটফর্মগুলোর রীতিমত লক্ষ্মী লাভ হয়েছে। এই মুহূর্তে সিনেমা হল বন্ধ থাকায় মোটামুটি সমস্ত সিনেমা মুক্তি পাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আর তাতেই চলছে রমরমা ব্যবসা। একের পর এক সিনেমা আর ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, জি ফাইভ, ডিসনি প্লাস হটস্টারের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। আগামী বেশ কিছুদিনের মধ্যে নেটফ্লিক্সে মুক্তি পাবে মোট সতেরোটি ওয়েব কনটেন্ট।
ঘরবন্দী মানুষ এখন বিনোদনের জন্য এই প্ল্যাটফর্ম গুলোকেই বেছে নিচ্ছেন। খরচাও সাধ্যের মধ্যেই। এবার সাবস্ক্রাইবার বাড়াতে অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি ঘোষণা করল নেটফ্লিক্স। পুরো ১০০০ মাসের জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশনের অফার দিল এই প্ল্যাটফর্ম। কিন্তু এত সহজে তো সব কিছু মেলে না। এই ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার জন্য দর্শকদের খেলতে হবে ভিডিও গেম।
গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য ওল্ড গার্ড’ ছবিটি। এটি আসলে একটি নেটফ্লিক্স অরিজিনাল শো। এই শোকেই বিশেষভাবে উদযাপন করতে নেটফ্লিক্স তার সাবস্ক্রাইবারদের একাউন্টকে চিরন্তন করে দিতে চাইছে। এর জন্য আপনাকে The Old Guard ভিডিও গেমটি খেলে শত্রুপক্ষকে হারাতে হবে। এবং নিজেকে চিরন্তন হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। তবে গিয়েই আপনি পাবেন এই অফার।
ইতিমধ্যেই এই অফারটি শুরু হয়ে গিয়েছে। আগামী ১৯শে জুলাইয়ের মধ্যে ভিডিও গেমটি খেলে ফেলতে হবে। কিন্তু দুঃখের বিষয় হল এই অফার শুধুমাত্র মার্কিনিদের জন্যই সীমাবদ্ধ। এখনও পর্যন্ত ভারতীয় সাবস্ক্রাইবারদের জন্য এই অফারের ঘোষণা করেনি নেটফ্লিক্স।





