বেশ কয়েকদিন ধরে সিইএসসি (CESC) থেকে পাঠানো মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জেরবার আমজনতা। এটা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা একজনের ক্ষেত্রে ভুল হয়েছে তা যে নয় সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় সিইএসসির বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করল রাজ্য সরকার। সূত্র মারফত জানা গিয়েছে যে সিইএসসিইকে ‘অ্যাডভাইজরি’ পাঠাচ্ছে রাজ্য সরকার। সেই অ্যাডভাইজরিতে এক মাসের মধ্যে ভুল ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে বিতর্ক রয়েছে গোটা শহরে। প্রতি বছর জুন মাসে যা বিল আসে তার থেকে বহুগুণ বেশি বিল এবার সকলের এসেছে। খোদ বিদ্যুৎ মন্ত্রীকে গুনতে হচ্ছে ১১০০০ টাকা। বিল নিয়ে রোজ অসংখ্য অভিযোগও পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আমজনতা থেকে শুরু করে সেলিব্রিটি – সবাই একই অভিযোগ তুলেছেন।
এই অবস্থায় শুক্রবার সিইএসসি (CESC) কর্তাদের বিদ্যুৎমন্ত্রী ডেকে পাঠান। কেন এত পরিমাণ বিল নেওয়া হচ্ছে তার জবাব তলব করেন তিনি। এছাড়াও বিল কী নিয়মে তৈরি হচ্ছে তা বিশদে ব্যাখ্যা করে তিনি সংবাদপত্রে সিইএসসিকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেইমত শনিবার সিইএসসি (CESC) বিজ্ঞাপনও দিয়েছে।
কিন্তু তাতে সমস্যার সুরাহা হয়নি। সেই একই সুরে একই ঘ্যানঘ্যানানি কথা বলেছে সিইএসসি। বিজ্ঞাপনে বিশদ ব্যাখ্যা তো নেইই, সংক্ষিপ্তাকারে যেমন তেমন করে কারণ দর্শিয়েছে এই বেসরকারি সংস্থা। যদিও আমজনতা সেই ব্যাখ্যা কতটা বুঝতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু যদি মানুষ ব্যাখ্যা না বুঝতে পারেন তবে ফের বিপদে পড়বে সিইএসসি। কারণ বিদ্যুৎমন্ত্রী শুক্রবারে জানিয়ে দিয়েছিলেন যে, গ্রাহকরা যদি এই ব্যাখ্যা বুঝতে না পারেন তবে আবার সিইএসসি আধিকারিকদের ডাকা হবে।
অন্যদিকে নবান্নের পাঠানো অ্যাডভাইজারি তে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে এক মাসের মধ্যে সিইএসসিকে ভুল সংশোধন করতে বলা হয়েছে সেই একমাসে কোনও গ্রাহকের থেকে বিল নেওয়া যাবে না এবং বিল না মেটাতে পারলে লাইনও কাটা যাবে না।





