দীর্ঘ সাড়ে চার বছর পর ফের ছোটো পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। জি বাংলার নতুন ধারবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর হাত ধরেই নতুন যাত্রা শুরু করবেন অভিনেত্রী। ধারাবাহিকের প্রোমোতেই বেশ চমক দিয়েছেন তিনি। কবে থেকে এই নতুন ধারাবাহিক শুরু হবে, তা নিয়ে বেশ উৎকণ্ঠায় ছিলেন দর্শক। এবার চ্যানেলের তরফে এই ধারাবাহিক সম্প্রচারের সময় ঘোষণা করা হল।
সন্ধ্যের সময়ই সকলকে বিনোদন জোগাতে হাজির হচ্ছেন লক্ষ্মী কাকিমা। জানা গিয়েছে, আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ধারাবাহিক। সম্প্রচার হবে সন্ধ্যে ৬টার স্লটে। অর্থাৎ, ‘করুণাময়ী রানী রাসমনি’র স্লট দখল করছে অপরাজিতার এই ধারাবাহিক।
‘পিলু’ শুরু হওয়ার সময় থেকেই গুঞ্জন উঠেছিল যে ‘করুণাময়ী রানী রাসমনি’ শেষ হতে চলেছে। কিন্তু সেই সময় ‘কৃষ্ণকলি’র সফরে ইতি টেনে সময় পালটানো হয়েছিল ‘করুণাময়ী রানী রাসমনি’র। এই কিছুদিন আগেই এই ধারাবাহিকের সময় পালটেছে, তাই আর সময় বদল নয়, বরং শেষ হতে চলেছে রামকৃষ্ণদেব ও মা সারদার সফর।
সূত্রের খবর অনুযায়ী, ‘পিলু’ শুরু হওয়ার সময়ই নাকি ‘করুণাময়ী রানী রাসমনি’ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এত বছর ধরে বেশ সাফল্যের সঙ্গে চলতে থাকা এই ধারাবাহিক হঠাৎ করেই শেষ করে দিতে চায় নি চ্যানেল কর্তৃপক্ষ। বলা হয় যে এই ধারাবাহিক পূর্ণতা পেয়েই শেষ হবে।
গত বছর ‘রানিমা’র মৃত্যুর পর থেকেই এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়া নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে তারপরও রামকৃষ্ণ ও মা সারদার গল্প নিয়ে চলছিল এই ধারাবাহিক। তবে এবার এই সফরের শেষ হওয়ার পালা।
এদিকে আবার ‘লক্ষ্মী কাকিমার সুপারস্টার’ ধারাবাহিকের গল্প কেমন হবে, তা নিয়েও উৎসাহিত দর্শক। এক মধ্যবয়স্কা নারীর জীবনসংগ্রামের গল্প উঠে আসবে এই ধারাবাহিকে। অপরাজিতা আঢ্যের স্বামীর চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। আর তাদের ছেলের চরিত্রে রয়েছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়।
সদ্যই শেষ হয়েছে ‘শ্রীময়ী’। টেলিভিশনের পর্দায় লড়াই চালাচ্ছেন সর্বজয়া, সহচরীরা। এবার আরও এক মধ্যবয়স্কা নারীর প্রতিদিনের লড়াই উঠে আসবে পর্দায়। একদিকে তাঁকে সহ্য করতে হচ্ছে স্বামীর অবহেলা, আবার তিনিই অন্য হাতে সামলাচ্ছেন মুদির দোকান। খাবার তুলে দিচ্ছেন মানুষের মুখে। লক্ষ্মী কাকিমার এই লড়াইয়ে পাশে থাকবে তো দর্শক?





