‘আমি আজও নুসরতকে ভালোবাসি’, পাকাপাকিভাবে বিচ্ছেদের পর অভিনেত্রীকে নিয়ে মুখ খুললেন নিখিল

সালটা ২০১৯, তারিখ ১৯শে জুন। তুরস্কের বোদরুমে ধর্মের বেড়াজাল ভেঙে, সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করেই অভিনেত্রী তথা সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহানকে বিয়ে করেছিলেন নিখিল জৈন। এক রূপকথার বিয়ের সাক্ষী থেকেছিল গোটা দেশ। নুসরতের লাল লেহেঙ্গা ও নিখিলের সাদা শেরওয়ানিতে যেন এজিয়ান সাগরের ধার আরও ঝলমলিয়ে উঠেছিল।

সেদিন একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন নুসরত ও নিখিল। কিন্তু এর দেড় বছর পরই যেন সম্পূর্ণ চিত্রটা একেবারে আলাদা। জানা গেল, তাদের সেই বিয়ে নাকি আইনত বৈধই নয়।

আলিপুর আদালতে ‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’ নিয়ে একটি মামলা করেছিলেন নিখিল জৈন। গত ১৭ই নভেম্বর রায় দিয়েছে আদালত। সেই রায়ে দালত জানায় যে নুসরত ও নিখিলের বিয়ে বৈধ নয়। চলত বছরের শুরু থেকেই নিখিল ও নুসরতের বৈবাহিক সম্পর্ক নিয়ে শুরু হয় টানাপড়েন। তবে আদালতের এই রায়ে সেই বিতর্ক কিছুটা কেটেছে।

পাকাপাকিভাবে বিচ্ছেদের পর এই প্রথমবার নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নিখিল। এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিখিল জানান, “আমার ও নুসরতের সম্পর্ক নেই ঠিকই কিন্তু, নুসরতকে আমি এখনও ভালোবাসি”। তবে তিনি স্পষ্ট কর দেন, যে নুসরতকে তিনি ভালবেসেছিলেন সেই নুসরতই আজও তাঁর মনে রয়ে গিয়েছে। কিন্তু বর্তমান নুসরতকে তিনি কোনওভাবেই চেনেন না।

তুরস্কে বিয়ের পর কলকাতার পাঁচতারা হোটেলে বসেছিল এই জুটির রিসেপশন। সেখানে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করার সময়ও নুসরত শাঁখা-সিঁদুর পরেই উপস্থিত হয়েছিলেন ও নিজের পরিচয় দিয়েছিলেন নুসরত রুহি জৈন বলেই।

সেই নুসরতই এখন যশের ঘরণী। ছেলে ঈশানকে নিয়ে সুখী সংসার যশরতের। নিখিল এই বিষয়ে বলেন, “ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থেকেছে, ওদের সন্তান হয়েছে, আমি তো কোনওদিনই কিছু বলিনি”।

নিখিল আপতত নিজের কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতিই তিনি লঞ্চ করেছেন পুরুষদের জন্য ডিজাইনার পোশাকের সম্ভার। আর এই ‘রাঞ্ঝ’ কালেকশনের বিজ্ঞাপনী প্রচারের মুখও তিনি নিজেই। তাই ব্যবসায়ী নিখিল এখন মডেলও। অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়াই এখন নিখিলের একমাত্র লক্ষ্য।

RELATED Articles