কথায় বলে নারী শক্তি। কিন্তু এখনো নারীদের উপর যে পরিমাণ অত্যাচার হয় তাতে নারীরা যে দুর্বল এ কথা সত্যি প্রমাণিত। এবার এই দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নির্ভয়া।
বহুপ্রতীক্ষিত নির্ভয়া ছবির ট্রেলার আজকে মুক্তি পেয়েছে ইউটিউবে। পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবি যে অন্য ধারায় পরিচালিত সেকথা ট্রেলার দেখলেই স্পষ্ট। ছবিতে রয়েছেন শ্রীলেখা মিত্র প্রিয়াঙ্কা সরকার গৌরব চক্রবর্তী সহ নামিদামি মুখরা।
নির্ভয়ার চরিত্রে অভিনয় করছেন পটল কুমার গানওয়ালা খ্যাত হিয়া দে। কাজের অভিজ্ঞতা কেমন বলতে গিয়ে জানিয়েছিলেন যে তিনি যে ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা এ কথা তার মনেই হচ্ছে না কাজ করার সময়। তিনি বাস্তব আর কল্পনাকে গুলিয়ে ফেলেছিলেন কাজের মুহূর্তে, নিজেকে পুরো একাত্ম করে ফেলেছিলেন চরিত্রের সঙ্গে।
পরিচালক অংশুমান প্রত্যুষ জানিয়েছেন যে তিনি বক্সঅফিস হিটের কথা ভাবছেন না। তিনি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন, সত্যি কথা বলতে কী, কেবল সিনেমা হিসেবে আমি এই ছবিকে দেখছি না, সিনেমাটি একটা মুভমেন্টের দিকে এগিয়ে যাবে বলেই আশা রাখি। কারণ, এই ছবি সমাজের এমন এক ইস্যুর দিকে আঙুল তোলে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। দেশে একটা ধর্ষণের ঘটনা ঘটল, গোটা দেশে প্রতিবাদ শুরু হয়। ধিক্কার মিছিল বের হয়। দোষীদের শাস্তির দাবীতে সবাই এগিয়ে আসে। কিন্তু নির্যাতিতাদের পাশে দাঁড়ায় ক’জন? নির্যাতিতাদের জন্য কি কোনও আইন আছে? তাঁরা যে মানসিক অবক্ষয়ের মধ্য়ে দিয়ে যায়, তার খবর কেউ রাখে? আমাদের এই ছবি সেই প্রশ্নগুলোই তুলবে।’






