সুশান্ত সিং রাজপুতের অ্যাকাউন্ট থেকে কোন টাকা যায়নি রিয়া চক্রবর্তীর অ্যাকাউন্টে: মুম্বই পুলিশ

সম্প্রতি বিহার পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় তাদেরকে ক্রমাগত অসহযোগিতা করে যাচ্ছে মুম্বই পুলিশ। সুশান্ত-এর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু তদন্তের ডিটেলস ভুলবশত ডিলিট হয়ে যাওয়া থেকে বিহার পুলিশের তদন্তকারী অফিসারকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো, সাধারণ মানুষ থেকে শুরু করে বিহার সরকারের অভিযোগে রীতিমতো ‘বিধ্বস্ত’ মুম্বই পুলিশ।

তাই আজ সেই বিষয় নিয়েই প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং। তিনি আজ স্পষ্ট জানালেন যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী বা অন্য কোনো ব্যক্তিকে নিয়ে সুশান্তের পরিবার কখনোই কোনো রকম সন্দেহ প্রকাশ করেনি। তাই মুম্বই পুলিশ অভিযোগ ছাড়া কারোর বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি। এছাড়া পাটনা পুলিশের কাছে সুশান্তের বাবা সম্প্রতি যে এফআইআর দায়ের করেছেন সেখানে বলা হয়েছে সুশান্তের কোটাক মাহিন্দ্রা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা গায়েব করেছেন রিয়া চক্রবর্তী। কিন্তু এই অভিযোগ রীতিমতো খারিজ করে রিয়াকে ক্লিনচিট দিল মুম্বই পুলিশ! কমিশনার জানালেন ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন পর্যন্ত সুশান্তের ব্যাংকের নথিপত্র আমরা খতিয়ে দেখেছি। সেখানে এরকম টাকা স্থানান্তরিত করার কোনো উল্লেখ নেই।

মুম্বই পুলিশের বক্তব্য, রিয়ার সঙ্গেই সুশান্তের পরিবারের কোন গোলমাল আছে। আমরা দু’বার রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছি এবং সেখানে রিয়া সবকিছুই বলেছে! রিয়া সুশান্তের মানসিক সমস্যা এবং সেই সঙ্গে জড়িত সমস্ত বিষয় আমাদের কে বলেছে। চিকিৎসকদের প্রেসক্রিপশনও দিয়েছে। তাদের ইউরোপ ট্যুর সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বই পুলিশ কমিশনারের দাবি, রিয়া ৮ই জুন সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে যান। কারণ তার মানসিক অবস্থা নাকি ঠিক ছিল না। সেইদিন সুশান্তের দিদি মিতু সিং সুশান্তের ফ্ল্যাটে আসেন। তবে ১৩ই জুন তিনি তাঁর নিজের ফ্ল্যাটে ফিরে যান কারণ তাঁর মেয়ের পরীক্ষা ছিল এবং তিনি মেয়েকে একা রেখে এসেছিলেন। সুশান্ত-এর দিদি এই বয়ান মুম্বই পুলিশকে দিয়েছেন বলে মুম্বই পুলিশের দাবি।

পরবর্তীকালে সুশান্ত পরিবারের সঙ্গে মুম্বই পুলিশ যোগাযোগ করার চেষ্টা করলেও সুশান্তের পরিবার মুম্বই পুলিশকে গ্রাহ্য করেনি, বলে জানান পরমবীর সিং। এছাড়াও এখনও পর্যন্ত এই মামলায় ৫৬ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ বলে জানান মুম্বই পুলিশ কমিশনার।

যদিও মুম্বই পুলিশের এই সকল দাবি মেনে নিতে নারাজ সুশান্তের অনুরাগীরা। তাদের স্পষ্ট দাবি এই তদন্তের ভার সিবিআইকেই দিতে হবে।

RELATED Articles

Leave a Comment