মাতৃত্বকালীন ছুটি শেষ, কাজে ফিরলেন নুসরত জাহান, জনসংযোগ সারলেন নিজের সংসদীয় কেন্দ্র বসিরহাটের হিঙ্গলগঞ্জে

সদ্যই মা হয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। অন্যান্য মায়েদের মতোই ছেলের দায়িত্ব সামলাচ্ছেন পুরোদমে। তবে এবার ছেলের পাশাপাশি নিজের কাজেও মন দিলেন নুসরত। শুটিং ফ্লোরে তো ফিরেছিলেনই, এবার তিনি গেলেন নিজের সংসদীয় কেন্দ্র বসিরহাটেও।

আজ, শনিবার বসিরহাটে গিয়ে সেখানকার হিঙ্গলগঞ্জ কলেজে যান নুসরত। সাংসদকে সংবর্ধনা জানান স্থানীয়রা। পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন নুসরত।

তাঁর গোটা অন্তঃসত্ত্বাকালীন অবস্থাই কেটেছে নানান বিতর্কের মধ্যে দিয়ে। একের পর বিতর্কের জেরে নানান কটাক্ষের মুখেও পড়েন অভিনেত্রী। প্রথমেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শুরু হয় বিতর্ক। কারণ তাঁর স্বামী নিখিল জৈন পরিস্কার জানিয়ে দেন যে তিনি এই সন্তানের বাবা নন। এরপর নিখিলের সঙ্গে নিজের বিয়েকে অবৈধ বলে ঘোষণা করেন নুসরত।

ধীরে ধীরে তাঁর ও অভিনেতা যশ দাশগুপ্তের সম্পর্কের দিকটি উঠে আসতে থাকে। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় তাঁকে ও যশকে একসঙ্গে দেখা যায় রেস্তোরাঁতে। এরপর গত ২৬শে আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। সেই সময় তাঁর সঙ্গে সবসময় দেখা গিয়েছে যশকে।

নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়েও কাঁটাছেঁড়া কম হয়নি। তবে অবশেষে কলকাতা পুরসভার শংসাপত্রের নথি অনুযায়ী জানা যায় যে নুসরতের সন্তানের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ যশ।

সন্তান জন্মের ১২ দিনের মাথাতেই কাজে ফেরেন অভিনেত্রী। একটি স্যাঁলোর উদ্বোধনে দেখা যায় তাঁকে। সেখানেই তিনি জানিয়েছিলেন যে তিনি ও যশ তাদের সন্তানকে নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। তিনি শুটিং ফ্লোরেও ফিরেছেন। শুরু করেন নতুন ছবির কাজও। এরপর আজ তিনি গেলেন বসিরহাটে। এমনিতে সেখানকার স্থানীয়দের অভিযোগ যে সাংসদ তাদের নিয়ে বিশেষ মাথা ঘামান না। তবে নুসরত বলেন যে এতদিন অসুস্থ থাকার দরুণ তিনি সেখানে যেতে পারেন নি। তবে সুস্থ হতেই এলাকা পরিদর্শনে এসেছেন।

RELATED Articles