রিল লাইফে এখন বেশ শক্ত শক্ত চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত জাহান, সেইসঙ্গে রিয়েল লাইফেও তিনি কিন্তু রাজনৈতিক ময়দানে বেশ টাফ ফাইট দিচ্ছেন প্রতিযোগীদের। সোশ্যাল মিডিয়ায় তিনি বিজেপির প্রতিনিধিদের কড়া ভাষায় তুলোধোনা করেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি সমালোচনা করতে ছাড়েন না।
এবার নুসরাত তোপ দাগলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে উদ্দেশ্য করে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে কটাক্ষ করেছিলেন তেজস্বী। সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন যে, “আগামী নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী একনায়ক ও ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করব।”
https://twitter.com/nusratchirps/status/1325776578584834049?s=20
সেইসঙ্গে রবিবার হাওড়ায় বিজেপির কর্মসূচিতে হিংসার ঘটনায় প্রশাসনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে প্রিভিলেজ নোটিস দিয়েছেন বলেও জানান সূর্য। এরপর একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়াকালীন তেজস্বী সূর্য মমতা সরকারকে কিম জং উন সরকারের সঙ্গে তুলনা করেন।
এরপরেই ট্যুইটারে তেজস্বী সূর্যকে রীতিমত তুলোধোনা করেন নুসরাত। ট্যুইটারে নুসরাতের পোস্ট, “হাস্যকর বক্তব্যের পরিবর্তে আয়নায় দেখুন কারা আসল ফ্যাসিস্ট। সেটা হলেন আপনার নেতারা যাঁরা স্বৈরাচার ও ঘৃণার রাজনীতি দিয়ে দেশকে ২০১৪ সাল থেকে ধ্বংস করছেন।”
বিহার নির্বাচনে ইতিমধ্যেই এনডিএ জোট এগিয়ে গিয়েছে ফলাফলে। তাই বাংলায় ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন নিয়ে উঠেপড়ে লেগেছে বিজেপি। তাই গত সপ্তাহেই অমিত শাহ বাংলায় এসে দুর্নীতি, আইন শৃঙ্খলা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন যে বিজেপি ২০০র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বাংলায়। যদিও তৃণমূলের দাবি, অমিত শাহের কথায় ভয় পাওয়ার কিছু নেই। এখন শুধু সময়ের অপেক্ষা যে সামনের বছর বাংলার মসনদে কে বসে সেটাই দেখার।





