খুন হয়েছেন সুশান্ত! অভিনেতার ৩৫ তম জন্মদিনে ফের বলিউডের বিরুদ্ধে আক্রমণাত্মক ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা

গতবছর যাঁর অকাল মৃত্যু আলোড়ন ফেলেছিল ভারতবর্ষে তিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু ‌ এখনও মেনে নিতে পারেননি তাঁর ভক্তকুল। কেনও এই পদক্ষেপ নিয়েছিলেন সুশান্ত উত্তর এখনও মেলেনি। তাঁর মৃত্যু তদন্ত ক্রমেই মাদক তদন্তে পরিণত হয়েছিল। তাঁর মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশের মূল নিশানায় ছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।

তবে সুশান্তের মৃত্যু পরবর্তী সময় থেকে যে অভিনেত্রী বলিউডের প্রতি নিজের আক্রমণ শানিয়েছিলেন তিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

সুশান্তের মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে একাধিক বলিউড ব্যক্তিত্বকে আক্রমণ করেছিলেন তিনি। তুলেছিলেন স্বজনপোষণের মতো মারাত্মক অভিযোগ।

আর এবার অভিনেতার ৩৫তম জন্মদিনে ফের একবার পুরনো বিতর্ককে খুঁচিয়ে তুললেন তিনি। দাবি করলেন বলিউডের স্বজনপোষণের জেরেই কার্যত ‘খুন’ হতে হয়েছে বলিউড তারকাকে। তাঁর অভিযোগের আঙুল মূলত বলিউডের তিন মাথার দিকে। আদিত্য চোপড়া, করণ জোহর ও মুকেশ ভাট।

বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী বিতর্ক থেকে নিজেকে খুব বেশি দূরে থাকতে পারেন না। দেশে চলমান যেকোন‌ও বিষয়েই নিজের মন্তব্য রাখেন তিনি এবং যথেষ্টই সমালোচনার মুখে পড়েন সেই কারণে। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তাঁর মন্তব্য  একটা সময় পর্যন্ত সহনীয় পর্যায় থাকলেও সুশান্ত ভক্তদের কাছেই তা কঙ্গনার ‘নাটক’ বলে মনে হতে থাকে।

তবে কুছ পরোয়া নেহি। ফের স্বমহিমায় অবতীর্ণ বলিউডের কন্ট্রোভার্সি কুইন! আজ টুইটারে তাঁর দাবি, “আগেও বলেছি। কিন্তু সেটা যথেষ্ট হয়নি।” এই বলে তিনি ‘সুশান্ত হত্যার ক্রনোলজি’ তুলে ধরেন সকলের সামনে। তাঁর মতে, নিজেই নিজের জন্য সাফল্যের সিঁড়ি তৈরি করা সুশান্ত আদিত্য চোপড়াদের তৈরি ‘শয়তানি পুঁজিবাদি’ চুক্তি মেনে চলতে রাজি হননি। এরপরই স্বজনপোষণে মগ্ন করণ জোহরের সঙ্গে আদিত্য চোপড়া সুশান্তের বিরুদ্ধে জোট বাঁধেন। ধোনির বায়োপিকের সাফল্যের পরে করণ সুশান্তকে নিয়ে নতুন ছবির কথা বলেও শেষ মুহূর্তে পিছিয়ে আসেন। সেই ঘটনায় মন ভেঙে গিয়েছিল সুশান্তের। এর মধ্যেই মাফিয়াদের সাহায্যে সুশান্তের নামে নানা কুৎসিত প্রচার করা শুরু হয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণ কিংবা মাদক নেওয়ার অভিযোগ তোলা হতে থাকে।

কঙ্গনার দাবি, এরপরই সুশান্তের জীবনে প্রবেশ করেন মহেশ ভাট। সুশান্তের যাতে পরভিন বাবির মতো দশা হয়, তা নিশ্চিত করতেই তাঁকে উসকানি দেওয়া শুরু করেন তারকা পরিচালক। এপ্রসঙ্গে কঙ্গনার তোপ, “ভাট সাহেব, যদি সকলেই পরভিন বাবির পথে হাঁটেন, তাহলে আপনার মেয়ে শাহিনের কী হবে? সে তো ডিপ্রেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।”

এমন বিস্ফোরক অভিযোগ করার পাশাপাশি সুশান্তের জন্মদিনকে ‘জীবনের উদযাপন’ হিসেবে পালন করতে তিনি পরামর্শ দেন সকলকে। মাদক কখনও জীবনের সমস্যার সমাধান হতে পারে না, সেকথাও মনে করিয়ে দেন সকলকে। সুশান্তের জন্মদিনে বলিউডের অন্য সেলেব্রিটিদের অভিযুক্ত করার জন্য অনেকেই ট্রোল করেছেন তাঁকে। তাঁদের মতে, আজকের দিনটা এই ধরনের বিতর্কের দিন নয়।

RELATED Articles