জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন! ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে ‘নেতাজি মেমোরিয়াল’ রাখতে পারেন মোদী সরকার

এই বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ঘিরে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। কিছুদিন আগেই কালকা মেলের নাম পরিবর্তন করে তার নতুন নাম দেওয়া হয় ‘নেতাজি এক্সপ্রেস’। এবার জন্মদিনে নেতাজিকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামও বদলাতে পারেন মোদী সরকার।

সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকার ২৩শে জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্র সরকারের তরফ থেকেও ২৩শে জানুয়ারি দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার কেন্দ্র আরও এক পদক্ষেপ এগোল। শোনা যাচ্ছে, নেতাজি জয়ন্তীর দিনই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ‘নেতাজি মেমোরিয়াল’ বলে ঘোষণা করতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সারা বছর ধরে নানান অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির জন্মবার্ষিকী পালন হবে, এই ঘোষণা আগেই করা হয় কেন্দ্রের পক্ষ থেকে। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চপদস্থ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেবে।

নেতাজি জয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতার ভিক্টোরিয়া হলে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুতরাং, ২৩শে জানুয়ারি, মোদী-মমতাকে দেখা যাবে একই মঞ্চে।

উল্লেখ্য, নেতাজির জন্মদিনের আগেই কালকা মেলের নাম পরিবর্তনের কথা টুইট করে জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ১৯৪১ সালে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বিহারের গেমো থেকে কালকা মেল ধরেই পালিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই কারণেই তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেতাজিকে শ্রদ্ধা জানাতে কালকা মেলের নাম পরিবর্তন করে ‘নেতাজি এক্সপ্রেস’ রাখা হয়।

RELATED Articles