করোনা পরিস্থিতির জেরে চলতি বছরের বিভিন্ন অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান তো দূর, ছবির শুটিং পর্যন্ত বন্ধ ছিল দীর্ঘ কয়েক মাস, যার জেরে সেভাবে ছবি মুক্তিও পায়নি। তাই ২০২১-এর অস্কার ওরফে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস নিয়ে ধন্ধে ছিলেন বিভিন্ন তারকা থেকে শুরু করে পরিচালক ও প্রযোজকেরাও। তবে সব জল্পনা দূর করে মার্কিন সংবাদ সংস্থা ‘ভ্যারাইটি’ থেকে জানানো হয়েছে যে, আগামী বছরের ২৫শে এপ্রিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কার অনুষ্ঠানের আসর। অ্যাকাডেমি ও আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানিই এই তথ্য জানিয়েছে বলে দাবী উক্ত সংবাদ সংস্থার।
করোনা আবহে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে গোল্ডেন গ্লোব, বাফটার মতো একাধিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান পিছিয়ে গিয়েছে। ‘এমি অ্যাওয়ার্ডস’ ভারচুয়ালি অনুষ্ঠিত হলেও তা দর্শকের মন কাড়েনি। এই কারণেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ভারচুয়ালি অনুষ্ঠিত করতে রাজী নন কর্তৃপক্ষেরা। সাধারণত, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা দু’মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ডলবি থিয়েটার পর্যবেক্ষণ করে এসেছেন অ্যাকাডেমির আধিকারিকরা। সুরক্ষাবিধি মেনেই কীভাবে এই অনুষ্ঠান আয়োজন করা যায়, তা ভেবে দেখছেন তারা। ডলবি থিয়েটারে মোট ৩৪০০ জন অতিথির বসার আয়োজন রয়েছে। এর বাইরেও থাকে টেকনিক্যাল টিমের লোকজন ও সংবাদমাধ্যমের প্রতিনিধি। সব মিলিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কীভাবে সব আয়োজন করা সম্ভবপর হবে, এখন তাই-ই দেখার পালা।
প্রসঙ্গত, ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ ভারতের মালয়ালাম ছবি ‘জাল্লিকাট্টু’ থেকে শুরু করে হিন্দি ছবি ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’, ‘ছপ্পাক’ ও মারাঠি ও ওড়িয়া ছবি মিলয়ে মোট ২৭টি ছবির মধ্যে লিজো জোসে পেল্লিসেরি পরিচালিত বিতর্কিত ছবিকেই বেছে নেওয়া হয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া জ্যুরির পক্ষ থেকে। সায়নী গুপ্ত অভিনীত ‘শেমলেস’ নামের শর্ট ফিল্মও অস্কারে মনোনয়ন পাওয়ার জন্য লড়াই করছে।






