ওদের কাছে অবসাদ ও চিকিৎসার তত্ত্ব তৈরি, আমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলে বুঝবেন আমি আত্মহত্যা করিনি, ফের একবার তোপ দাগলেন পায়েল ঘোষ

শেষ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ আনেন অভিনেত্রী। এরপর ফের একবার সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ উগড়ে দিলেন তিনি। সুশান্ত মামলার জের টেনে তিনি বলেন, তাকে যদি কোনওদিন ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তবে বুঝতে হবে, তিনি আত্মহত্যা করেননি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে পায়েল লেখেন, “একটি বড়ো পোর্টালে আমি অনুরাগ কাশ্যপের ঘটনাটি সম্পর্কে সাক্ষাৎকার দিয়েছিলাম। কিন্তু তারপরে আমি জানতে পারি ওরা অনুরাগের থেকেই সাক্ষাতকারের জন্য অনুমতি চেয়েছে। ভারতবাসী, যদি আমাকে কোনওদিন ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, বুঝবেন আমি আত্মহত্যা করিনি। ওদের কাছে অবসাদ ও চিকিৎসার তত্ত্ব তৈরিই রয়েছে”। এই পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে নিজের খুন হওয়ার আশঙ্কা সামনে এনেছেন পায়েল।

কিছুদিন আগেই পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি। গত মঙ্গলবার নিজের আইনজীবী নিতীন সতপুতের সঙ্গে থানায় গিয়ে পরিচালকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। তার আইনজীবী জানান, ২০১৪ সালে পায়েলকে যৌন হেনস্থা করেন অনুরাগ কাশ্যপ এবং নিজের বাড়িতে তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ পরিচালকের বিরুদ্ধে।

পায়েলের এই অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছেন পরিচালক। তিনি পাল্টা দাবী করেন, এতো বছর বাদে তিনি কেন অভিযোগ হানলেন, কথাটা যদি সত্যিই হয়, তাহলে আগেই তিনি মুখ খুলতে পারতেন। এই প্রসঙ্গে, অভিনেত্রীর আইনজীবী জানান, পায়েল তখনই অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন কিন্তু তাকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। ভয় দেখানো হয়, অভিযোগ দায়ের করলে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে। তিনি এও বলেন, অনুরাগের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬, ৩৫৪, ও ৩৪২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

যদিও পরিচালকের সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের একাংশ। পাশে দাঁড়িয়েছেন তার প্রথম স্ত্রী আরতি বাজাজ ও দ্বিতীয় স্ত্রী কালকি কোয়েচলিন। এছাড়াও, অনুরাগের সমর্থনে সরব হয়েছেন পরিচালক রাম গোপাল ভার্মা, তাপসী পান্নু, টিসকা চোপড়ার মতো অভিনেত্রীরা। প্রসঙ্গত, সুশান্ত মৃত্যুরহস্যকে ঘিরেই শুরু হয়েছে বলিউডে কাদা ছোঁড়াছুঁড়ি। তার মৃত্যুরহস্য উদঘাটন করতে গিয়েই বেড়িয়ে আসছে একের পর এক ইন্ডাস্ট্রির অন্ধকারদিকগুলিও।

RELATED Articles

Leave a Comment