‘ছেলের বড় হয়ে ওঠার প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী হতে চাই!’ পুজোতে ‘বনি’ রিলিজের অনুভূতি থেকে ছেলের দুষ্টুমির ডায়রি হাতে কোয়েল মল্লিক

পুজোতে ছবি রিলিজের অভিজ্ঞতা আগেও হয়ে গিয়েছে। পুজোয় ছবি মুক্তি পাওয়া মানে পেট গুড়গুড় আর আলাদা একটা নস্ট্যালজিয়া! ছবি মুক্তির আগে এদিন সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ঠিক এরকমই কিছু বলতে শোনা গেল টলিউডের জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রী তথা ‘বনি’ ছবির নায়িকা কোয়েল মল্লিককে।

একটি কাজ শেষ করে আরেকটি কাজ শুরুর মাঝখানে নিচ্ছেন বিরতি। সমস্তটাই ছেলের কথা ভেবে। ছেলে বড় হয়ে ওঠার প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান টলিউডের এই জনপ্রিয় তারকা ব্যক্তিত্ব। তাই বিরতি নিয়ে কাজ করছেন অভিনেত্রী। পুজোতে মুক্তি পাবে ‘বনি’। অতিমারির মধ্যে ছবি রিলিজ কেমন হতে পারে, সেই অভিজ্ঞতা গত বছর পুজোয় ‘রক্ত রহস্য’ রিলিজের সময় হয়ে গিয়েছিল। ভালোই চলেছে ছবি। আবার করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় মুক্তি পেয়েছিল ‘ফ্লাইওভার’। তাই সমস্ত কিছু এখন সয়ে গিয়েছে। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নে জানালেন, পুজোয় ছবি মুক্তি পাওয়া ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ভাইবোনদের সঙ্গে মিলে পুজোর দুপুরে সিনেমা দেখতে যাওয়ার কথা মনে পড়ে।

কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘বনি’র পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে ‘হাইওয়ে’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় একটি প্রোমোশনাল মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন কোয়েল। তাঁর মতে, অভিনেতার পরামর্শে দৃশ্যগুলো আরও ভালো হয়ে যায়। পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হাওয়া বদল’, ‘সোনার পাহাড়’ খুব পছন্দের ছবি অভিনেত্রীর। জানালেন পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনায় কাজ করে অসম্ভব ভালো লেগেছে।

এমনিতে ব্যক্তিগতভাবে খুবই আবেগপ্রবণ রঞ্জিত মল্লিকের কন্যা। ক্যামেরার সামনে যদি সেই আবেগকে ধরে রাখতে না পারেন তবে বেশ মুশকিল হয়ে যায়। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন, তাঁর জীবনে মাতৃত্ব এমন একটি উপলব্ধি যা পৃথিবীর সব মেয়েদের ভিতরেই নিহিত থাকে। সন্তানের জন্ম দিক বা না দিক, প্রত্যেকের মধ্যেই একটা মাতৃত্বের আভা রয়েছে। ‘বনি’তে অভিনেত্রী চরিত্র একজন মায়েরই। ছবিতে অনেক দিন অপেক্ষার পরে সন্তানের জন্ম দেয় সে।তারপর জানতে পারে বাচ্চাটি স্বাভাবিক নয়। দুনিয়া চুরমার হয়ে যায়। সেই দৃশ্যই অভিনেত্রীকে আবেগপ্রবণ করেছিল।

পাশাপাশি জানা যায় বাস্তব জীবনে নিজের ছেলের বড় হয়ে ওঠার কোনও মুহূর্ত কখনোই মিস করতে চাননা। প্রথম কথা বলতে শেখা, প্রথম হাঁটতে শেখা কখনোই তিনি মিস করতে চাননি। কারণ এই মুহূর্তগুলো তাঁর জীবনে আর ফিরে আসবেনা। জানালেন, ছেলে এখন বেশ ভালো কথা বলতে শিখেছে। শুধু খেলনা দিয়ে তাকে আর বসিয়ে রাখা যায়না। জিনিস নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আবার হাত থেকে সেটা নিয়ে নিলেও, ঠিক খুঁজে বার করবে। আমরা বোকা বনে যাই। তবে ছবির পাশাপাশি শুরু করেছেন রিয়ালিটি শোর শুটিংও। পাশাপাশি হাতে রয়েছে একটি থ্রিলার ও রোমান্টিক কমেডি ছবি। এখনও সেগুলির চিত্রনাট্য এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে স্বামী নিসপালের একগুচ্ছ ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার পরিকল্পনা নিয়ে বললেন, এই ব্যাপার পুরোটাই রানে সামলায়। করোনা বাংলা ছবির বাজারেও ভীষণ ক্ষতি করেছে। আশা করা যায় পরিস্থিতি ঠিক হলে, ধীরে ধীরে সমস্তকিছু রিলিজ হবে। অন্যদিকে সম্প্রতি নুসরাত জাহানের মা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক হয়েছে। তা নিয়ে নিজে একজন মা হয়ে অভিনেত্রী জানালেন, “নুসরাত যখন মা হয়েছিল তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলাম। মনে হয়েছিল একজন মা যখন সন্তানের জন্ম দেয়, তাঁকে ঘিরে একটা পজিটিভিটি থাকা দরকার। নিজের জীবনে যেটা ঠিক বলে ও মনে করেছে, সেটাই করেছে। তার ফলাফলের মুখোমুখি হতে হবে ওকেই। অন্য কাউকে না। তাই বাইরে থেকে মন্তব্য করাটা এক্ষেত্রে একেবারেই অনুচিত। নুসরাতকে পরামর্শ দেওয়ার অধিকার তাঁদেরই রয়েছে, যারা জীবনের প্রতিটা মুহূর্ত ওর পাশে থাকেন। যারা সত্যি কারের শুভাকাঙ্ক্ষী।”

এদিকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন নিজের সন্তানকে। জানালেন, আমি আর রানে দুজনেই খুব প্রাইভেট পার্সন। পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন আমাদের আসে না। আমাদের সন্তানের একটা ব্যক্তিগত জীবন রয়েছে। তবে দর্শকদের একটা আগ্রহ সেটা বুঝতে পারি। এই কারণে মাঝে সাজে ছবি দিই।” মা হওয়ার পর খুব তাড়াতাড়ি নিজের পুরনো ছিপছিপে চেহারায় ফিরে এসেছেন কোয়েল মল্লিক।

এমনিতে টলিউডের নানা অভিনেত্রীর মোটা হওয়া নিয়ে নেটিজেনদের সমালোচনার শেষ নেই। মা হওয়ার পর মোটা হয়ে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও। তবে এই মুহূর্তে জিম আর কড়া ডায়েট করে নিজের পুরনো অবতারে ফিরে এসেছেন তিনি। কিন্তু তার মধ্যেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েই চলেছে। এদিন পুরনো অবতারে কোয়েল মল্লিকের ফিরে আসা নিয়ে তিনি জানালেন, “এর জন্য ধন্যবাদ আমার চিকিৎসকদের। নিয়মিত যোগাসন আর হাঁটার অভ্যাস ছিল। কিছুদিন পর শুরু করেছিলাম জুম্বাও। ছেলে হওয়ার ছয় মাসের মধ্যেই জিমে ফিরেছিলাম। তবে আগের মত ওয়েট ট্রেনিং করছি না। ফিট থাকাটাই এখন আসল আমার কাছে।”

সম্প্রতি টলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী মা হয়েছেন এবং নিজেদের সন্তানদের আগলে রাখছেন তাঁরা। একইভাবে নিজের সন্তানের সঙ্গেই বেশি সময় কাটাতে চান অভিনেত্রী কোয়েল মল্লিকও। তাঁর মতে, এই সময় আর ফিরে আসবে না। তাই বিরতি নিয়েই কাজ করবেন আর সঙ্গে পুরো সময়টাই দেবেন ছেলেকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles