ইউভানের এক বছরের জন্মদিন, ছেলের জন্য স্নেহ-ভালোবাসায় মোড়া পোস্ট করলেন রাজ ও শুভশ্রী

জন্মের পর থেকে ইউভান গত বছর ঠিক আজকের দিনেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনে এসেছিল এক বিশেষ সদস্য। এদিনই প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলেন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে অভিনেত্রী জন্ম দেন তাঁর পুত্র সন্তানকে। আর আজ সেই ছোট্ট ইউভানের এক বছরের জন্মদিন। এদিন উপলক্ষ্যে ছেলের জন্য আদুরে মাখা পোস্ট করলেন মা শুভশ্রী।

একেবারে সেলিব্রিটি হয়ে উঠেছে। জন্মের পরই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়ে যায় ইউভানের ফ্যান পেজ। ছোট্ট থেকেই ক্যামেরার সামনে বেশ বন্ধুত্ব হয়ে যায় ইউভানের। আর রাজ বা শুভশ্রীও কখনই ছেলেকে ক্যামেরার আড়ালে রাখেন নি। সকলের আশীর্বাদ নিয়েই বড় হচ্ছে ইউভান।

এমনিতে রাজ ও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। আর ইউভানের জন্মের পর থেকে তারা যেন আরও বেশি সোশ্যাল মিডিয়ায় ধরা দেন। ছেলের নানান ছবি, ভিডিও প্রতিনিয়ত শেয়ার করতে থাকেন বাবা-মা। সে ইউভানের প্রথম দাঁড়ানোর ভিডিও হোক, ইউভানের প্রথম পার্টি করার ভিডিও হোক বা বাবার পুরনো বাইকে চেপে পোজ দেওয়া হোক, ইউভানের সব ছবিই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই ছেলেকে নিয়ে পুরী গিয়েছেন রাজ ও শুভশ্রী। সেখানে গিয়ে ইউভানের সমুদ্রের তটে খেলা করার বা জগন্নাথ মন্দির দর্শনের ছবিও শেয়ার করেছিলেন রাজ। আর আজ ইউভানের এক বছরের জন্মদিনে ছেলের উদ্দেশ্যে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “শুভ জন্মদিন আমার জীবন। এক বছর হয়ে গেল তুমি এক মায়ের জন্ম দিয়েছ। তোমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা”।

পিছিয়ে নেই বাবাও। রাজ চক্রবর্তীও এদিন পুরীর সমুদ্রের চরে দাঁড়ানো ইউভানের ছবি পোস্ট করে লেখেন, “প্রথম জন্মদিনের জন্য তোমায় অনেক শুভেচ্ছা। ইউভান তুমি আমার গর্ব, আমার ভালোবাসা, আমার জগৎ, আমার সবকিছু”।

ছেলের জন্য মা ও বাবার এই সুন্দর পোস্টগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। রাজ ও শুভশ্রীর অনুরাগীরা তো বটেই অন্যান্য তারকারাও রাজ ও শুভশ্রীর এই ছবির কমেন্ট বক্সে ইউভানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

আরও অন্যান্য খবর