“ভেবেছিলাম ধনী ব্যক্তিকে বিয়ে করলে আর্থিক লড়াই থেকে বেরিয়ে আসা যাবে, তা হয়নি”, ডিপ্রেশন ও আর্থিক মন্দা নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত

রাখির গলায় বিষাদের সুর। সেই চেনা, উৎফুল্ল মেজাজের রাখি যেন নিমেষে কেমন বদলে গিয়েছে। নেই চাঞ্চল্য, কেমন থ’ মেরে গিয়েছেন তিনি। এতদিন পর ক্যামেরার সামনে এসে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত। বললেন এক বছর হয়ে গেল তার স্বামী বাড়ি আসেননি। এমনকি, নিজের ডিপ্রেশন ও আর্থিক সংকট নিয়েও কথা বললেন রাখি।

মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন রাখি। তার ঘনিষ্ঠ মহলের খবর, রাখি নাকি আর্থিক সংকটে ভুগছেন। কিন্তু এর মধ্যেও নিজের পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে চলেছেন তিনি। তার কথায়, তিনি জীবনে সবথেকে বড় ভুল করেছেন বিয়ে করে। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, “বিয়েটা আমার জীবনের সবথেকে বড় ভুল। আমার মনে হয়েছিল একজন ধনী ব্যক্তিকে বিয়ে করলে আর্থিক লড়াইগুলো থেকে বেরিয়ে আসতে পারব, কিন্তু  তা হল না।

স্বামীর সম্পর্কে রাখি বলেন যে তার স্বামী জনসমক্ষে আসতেই চান না। একবছর হয়ে গেল তিনি ভারতে আসেননি, ব্রিটেনেই রয়ে গিয়েছেন। তার কথায়, “আমি জীবন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি না, আমি জীবন কাটাতে চাই এবং নিজের কাজও করে যেতে চাই, কিন্তু আমি বেশ খানিকটা ডিপ্রেশনে রয়েছি। ডিপ্রেশনে থাকার সময় অনেকেই নানা ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেন। অনেকে তো জীবনই শেষ করে ফেলে। কিন্ত আমি তেমন কিছু করার কথা ভাবছি না মোটেই। কখনোই ভাববোও না। ঈশ্বর এই মূল্যবান জীবন দিয়েছেন”।

জানা গিয়েছে, টেলিভিশন শো বিগ বস ১৪ সিজনে অংশগ্রহণ করবেন রাখি। এর আগেও এই শোয়ের প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন তিনি। কিন্তু এবার এই শো-য়ে তিনি যাচ্ছেন চ্যালেঞ্জার হিসেবে।

নিজের আর্থিক সংকট সম্পর্কে বলতে গিয়ে রাখি বলেন অর্থ কারোর চিরকাল থাকে না। কিন্তু কোনও মানুষের মধ্যে যদি প্রতিভা থাকে তবে সে সবরকম পরিস্থিতি কাটিয়ে উঠার শক্তি রাখে বলে রাখির বিশ্বাস। তিনি এও বলেন যে তিনি বারবার ঠকেছেন। এইজন্যই তিনি জীবন থেকে প্রকৃত শিক্ষা নিতে পেরেছেন।

RELATED Articles