ঘন কুয়াশায় ঢাকা আকাশ, শীত কবে আসবে বঙ্গে?

প্রায় একসপ্তাহ হল আকাশ কুয়াশায় ঢাকা অবস্থাতেই দেখছে বাঙালি। সকালে উঠেই ঘন কুয়াশার চাদর দেখে ব্যালকনিতেই ধোঁয়া ওঠা চায়ের কাপ রেখে বাঙালি ফোটো তুলে দেদার ছবি পোস্টাচ্ছে ফেসবুকে “কলকাতাই এখন দার্জিলিং”! কিন্তু শীত কি এসেছে বঙ্গে?

সে গুড়ে বালি, জানিয়েই দিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। দক্ষিণবঙ্গেও বর্তমানে কুয়াশার দাপটে দৃশ্যমানতা নেমে এসেছে ১০০ মিটারের নীচে। আর এই কুয়াশা আগামী দিনেও থাকছে। শুধু পশ্চিমবঙ্গ নয় ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাতেও কুয়াশা নিজের দাপট দেখাবে।

গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেখানে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১৮.৪ ডিগ্রিতে। কুয়াশার দাপটে বাঙালি হারিয়েছে শীতের আমেজ। জলীয়বাষ্পের পরিমাণ বাতাসে বেড়ে দাঁড়িয়েছে ৯৮% যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষকে দিচ্ছে তীব্র অস্বস্তি।দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকবে। সব মিলিয়ে বাঙালি এখনই যে শীতের আমেজ উপভোগ করতে পারবেন না তা স্পষ্ট করে দিয়েছেন আবহাওয়াবিদরা।

RELATED Articles