করোনার সাথে লড়াইয়ের ডাকে দেশজুড়ে চলছে লকডাউন। মানুষ জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না। এমন সময় বাড়িতে বসে বসে সবাই হাঁপিয়ে উঠছে তাই তাদের মন ভোলাতে ছোটো পর্দায় আসতে চলেছে রামায়ণ। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে সম্প্রচার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন এ কথা।
মন্ত্রী টুইট করে জানিয়েছেন, জনতার দাবি মেনে শনিবার থেকে ডিডি ন্যাশনাল চ্যানেলে আবার রামায়ণ সম্প্রচার শুরু করা হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হবে একটা এপিসোড, অন্যটা হবে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত। এই টুইটে খুশী হয়ে জাভড়েকরকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। অনুরোধ করেছে, রামায়ণের পাশাপাশি মহাভারত, জুনিয়র জি, শক্তিমান ও চাণক্য পুনরায় শুরু করার জন্য।
https://twitter.com/PrakashJavdekar/status/1243381916654424064
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনাভাইরাসের সঙ্গে লড়তে লকডাউন ঘোষণার পর থেকেই নতুন করে রামানন্দ সাগরের রামায়ণ সম্প্রচারের দাবি ওঠে। প্রসঙ্গত, রামায়ণ প্রথম সম্প্রচারিত হয়েছিল ১৯৮৭-র ২৫ জানুয়ারি থেকে ১৯৮৮-র ৩১ জুলাই পর্যন্ত। অনেকেই বলেন, সম্প্রচারের সময় লকডাউনের মত রাস্তাঘাট কেমন ফাঁকা হয়ে যেত। রামায়ণের ফের সম্প্রচার শুরু হলে লকডাউনের মানসিক চাপ অনেকটা কমতে পারে বলে মনে করছেন অনেকে।





