রাজমাতা শিবগামী এবার পড়েছেন ঘোর বিপদে। বাহুবলি খ্যাত এই দক্ষিণী অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল। তিনি নাকি গাড়িতে করে মদের বোতল নিয়ে আসছিলেন। তাও একটি দুটি নয় একেবারে একসঙ্গে ১০৪টি।
জানা যাচ্ছে, মামল্লপুরম থেকে চেন্নাইতে আসার পথে চেঙ্কালপেট চেকপোস্টে আটকানো হয় ‘শিবগামী’ রামিয়া কৃষ্ণণের গাড়ি। এরপর গাড়ি থেকে উদ্ধার করা হয় ১০৪টি মদের বোতল।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মামল্লপুরম থেকে চেন্নাইতে আসছিলেন রামিয়া কৃষ্ণণ এবং তাঁর বোন বিনয়া। চেঙ্কালপেট চেকপোস্টে তাঁদের গাড়ি আটকানো হলে সেখান থেকে ৯৬ বোতল বিয়ার এবং ৮টি ওয়াইনের বোতল উদ্ধার করা হয়।
এরপর এই অভিনেত্রী ও তাঁর বোনকে আটক করে পুলিশ। পরে অবশ্য জামিন নিয়ে ছাড়া পান অভিনেত্রী। তাদের গাড়ির চালককেও আটক করা হয়।
যদিও গাড়ির চালককে পরে নিজের দায়িত্বেই জামিন করে মুক্ত করান রামিয়া। তবে কী করে গাড়িতে এতগুলি একসঙ্গে মদের বোতল এল সে বিষয়ে অভিনেত্রী ও তাঁর বোন কী জানতেন সেই সম্বন্ধে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশিত হয়ে যাওয়ায় রানিমাকে নিয়ে তৈরি হয়েছে একের পর এক মিম এবং তা শেয়ারও হচ্ছে প্রচুর পরিমাণে। লকডাউনের এই বাজারে এতগুলি মদের বোতল নিয়ে শিবগামী কী করবেন এই নিয়ে ঠাট্টা মশকরায় মেতেছেন নেটাগরিকরা।





