ভগ্ন চেহারা, দুর্বল শরীর, সঞ্জয় দত্তের সাম্প্রতিক ছবি সামনে আসতেই উদ্বেগ ভক্তমহলে

পরনে নীল শার্ট ও ডার্ক ব্লু রঙের প্যান্ট। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শরীর একেবারে ভেঙে গিয়েছে, বেশ দুর্বল আজ রূপোলী পর্দার ‘মুন্নাভাই’। সম্প্রতি অভিনেতা সঞ্জয় দত্তের এমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে। এক অনুরাগীর পাশে দাঁড়িয়ে তোলা তাঁর এই ছবিটি ঘিরে উদ্বেগ শুরু হয়েছে তাঁর ভক্তমহলে। তাদের প্রিয় ‘বাবা’, সঞ্জু কেমন আছে, এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটিজেনদের মধ্যে। তবে ভালো খবর এই যে এখন অভিনেতা খানিকটা সুস্থ রয়েছেন।

চলতি বছরের আগস্ট মাসে তিনি ঘোষণা করেন যে, আপাতত সমস্ত রকম শুটিং-এর কাজ থেকে নিজেকে বিরত রাখবেন তিনি। এরপরই খবর আসে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। স্টেজ ফোরে রয়েছে তাঁর ক্যানসার। এই খবর চাউর হওয়ার পরেই ভক্তমহলে নেমে আসে শোক। নেটিজেনরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে অনেক পোস্ট করতে থাকেন। তাছাড়া, ইন্ডাস্ট্রির তারকারও সঞ্জয় দত্তের দ্রুত আরোগ্য কামনা করেন।

কিছুদিন আগেই প্রথম কেমোথেরাপি নিয়ে স্ত্রী মান্যতার সঙ্গে দুবাই উড়ে যান তিনি। সেখানে পুত্র সহরান ও কন্যা ইকরার সঙ্গে দেখা করে পুনরায় মুম্বই ফেরেন। একাধিক ফ্যান পেজ থেকে তাঁর এই সাম্প্রতিক ছবি শেয়ার করা হয়েছে।

ভগ্ন চেহারা, দুর্বল শরীর, সঞ্জয় দত্তের সাম্প্রতিক ছবি সামনে আসতেই উদ্বেগ ভক্তমহলে

বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সঞ্জয় দত্ত। ‘সাজান’ হোক বা ‘পুলিশগিরি’, বা ‘মুন্নাভাই এম বি বি এস’, সবেতেই নিজের সেরাটা তুলে ধরেছেন তিনি। ‘অগ্নিপথ’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শক মহলে সাড়া ফেলে দেন তিনি। কয়েকদিন মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সড়ক ২’ ছবিটি। কিন্তু ছবিটি মোটেই দর্শকের মনে দাগ কাটতে পারেনি। এই মুহূর্তে সঞ্জয় দত্তের ঝুলিতে রয়েছে ৬টি ছবি। তাঁর আসন্ন ছবি ‘টরবাজ’-এর শুটিং শেষ। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ছবিটি। কিন্তু এখনও অবধি কোনও দিন স্থির হয়নি। এছাড়াও আরও বেশ কয়েকটি ছবির শুটিং এখনও বাকি তাঁর।

RELATED Articles