সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। গোটা দেশ তাঁকে নিয়ে তোলপাড়। অ্যারেস্টরিয়া এই হ্যাশট্যাগে সারা দেশ তার অ্যারেস্টের দাবি তুলছেন। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তবে এতদিন চুপই ছিলেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।
এর আগে এমনকি সুশান্তের মৃত্যুর পরেও সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিনই কিছু বলেননি রিয়া। একসময় সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকারও করেছিলেন। তবে এবার তিনি মুখ খুলেছেন। এতদিন চুপ থাকার পর কেন কথা বলছেন? এপ্রশ্নের উত্তরে রিয়ার দাবি, সুশান্ত তাঁকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। সুশান্তই তাঁকে বলেছেন, সকলের সামনে সত্যিটা বলতে। রিয়ার কথায়, সুশান্ত তাঁকে বলেন, ”আমাদের সম্পর্ক ঠিক কী ছিল, আর কী আছে সেটা প্রকাশ্যে আনতে।”
রিয়ার বক্তব্য, সুশান্তের সঙ্গে তাঁর বন্ধুত্ব বহু দিনের। ”২০১৩ সালে যশরাজ স্টুডিওতেই আমাদের আলাপ। সেসময় আমার প্রথম ছবি মুক্তি পেয়ে গিয়েছিল, আর সুশান্তের ‘কাই পো চে’ মুক্তির কথা চলছিল। সেসময়ও আমাদের একই ম্যানেজার ছিল। তারপর একদিন জিমে দেখা হল। পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় দেখা হত। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, বছরে একবার দেখা হলেও সব কথা বলতাম। কী চলছে, কী সমস্যা সবই শেয়ার করতাম। তখনই আমার ওকে অন্যরকম লেগেছিল, মনে হয়েছিল ওর সঙ্গে একদিন বসে অনেক কথা বলতে হবে। এরপরে ২০১৯-এর ১৩ এপ্রিল সুশান্ত ও আমার দেখা হয়েছিল রোহিনী আইয়ারের পার্টিতে। সেখান থেকেই সম্পর্ক শুরু হয়েছিল। সুশান্ত তো বলেছিল একদিনেই আমায় ভালোবেসে ফেলেছে। আমি ২-৩ মাস সময় চেয়ে নিয়েছিলাম। I Love You শব্দটা অনেক বড় শব্দ। তখন কী আর জানতাম এত বড় শাস্তি পেতে হবে!”
সুশান্তের সঙ্গে তাঁর বিয়ের কথা হয়েছিল কিনা এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে রিয়া বলেন, ”সুশান্ত ও আমি কখনও বিয়ের কথা সরাসরি বলিনি। তবে হ্যাঁ, সুশান্তের সঙ্গে আমার সম্পর্ক অনেকদিন চলেছিল, এখন মনে হচ্ছে পরের জন্মেও চলবে। আমি সুশান্তকে সবসময় বলতাম, আমার একটা ছোট্ট সুশান্ত চাই, ছোট্ট সুশি, একেবারেই ওর মতো দেখতে। এটা আমাদের খুবই ব্যক্তিগত স্তরের কথা, এমন মজা চলত। দম্পতির মতোই এধরনের কথা হতো আমাদের।”
সুশান্তের কোন জিনিসটা পছন্দ ছিল প্রশ্ন রিয়া বলেন, ”কোনটা নয়? ওর মতো সৎ মানুষ আমি খুবই কম দেখেছি।” সাক্ষাৎকারে কথা বলতে বলতে কেঁদে ফেলতেও দেখা যায় রিয়াকে। রিয়া জানান, সুশান্ত ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে কর্ণাটকের কুর্গে গিয়ে চাষাবাদ করতে চেয়েছিলেন, সেখানে সাধারণভাবেই জীবনযাপন করতে চেয়েছিলেন।
এই সাক্ষাৎকারে সুশান্তকে ফের একবার ‘বাইপোলার ডিসঅর্ডার’-এ আক্রান্ত ছিলেন বলে দাবি করেন রিয়া। তাঁর কথায় সুশান্ত অবসাদে ভুগছিলেন, কখনও ভালো থাকতেন, কখনও খারাপ। লকডাউনে এই সমস্যা বেশিই দেখা যাচ্ছিল। রিয়া বলেন, ৩ জুন আমি কেরসি ছাবরার সঙ্গে কথা বলি, ওনাকে সুশান্তের সঙ্গেও কথা বলতে বলি। ওইদিনই ওনাদের কথা হয়। কেরসি ছাবরা বলেন, সুশান্তের ওষুধ চালু করার প্রয়োজন রয়েছে।
যদিও এই সাক্ষাৎকারের পর রিয়া আবারও মানুষের রোষের মুখে পড়েছে। এই সাক্ষাৎকার দেওয়ার পেছনে ইচ্ছাকৃত কোনো কারণ থাকতে পারে বলেই সকলে মনে করেছেন। ন্যাকামির কান্না এবং সুশান্তের ব্যাপারে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলায় এসএসআর-এর ভক্তকুল রিয়ার অ্যারেস্টের দাবি আরোও জোরালোভাবে জানাচ্ছেন।
প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ





