চারজনের ছোট্ট সুখী পরিবার। স্বামী-সন্তান নিয়ে ভালোই কাটছিল দিন। অল্প বয়সেই মেয়ে গ্ল্যামার দুনিয়াতে পা রাখে। এরপরই ধীরে ধীরে বলিউডের যাত্রা শুরু। সবেমাত্র নিজের জায়গা গোছাতেই শুরু করেছিলেন রিয়া, কিন্তু এমন সময় ঘটল বিপত্তি। চার মাস আগে জুন মাসের একটি ঘটনা তছনছ করে দেয় এই পরিবারকে।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে রিয়া চক্রবর্তীর পরিবারকে নিয়ে। বর্তমানে রিয়ার সঙ্গে ঘটা ভয়াবহ পরিস্থিত দেখে শিউরে উঠেছেন তার মা। গত বছর ঠিক এমন সময়েই ইউরোপ ট্রিপে ব্যস্ত ছিলেন সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী। কিন্তু বছর ঘুরতেই সেই স্বপ্নের সফর এমন ভয়াবহ ছবিতে পরিণত হবে, তা কে জানত।
১৪ই জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়ার দিকে সন্দেহের আঙ্গুল উঠতে থাকে। এই বিষয়ে জেরা করা হলে সামনে আসে মাদকযোগের ঘটনা। তার সঙ্গে মাদকযোগের অভিযোগে এনসিবি-এর পুলিশ গ্রেফতার করে তাকে। এরপর সংবাদমাধ্যমের প্রশ্ন, জেরা, জনসাধারণের ট্রোলের শিকার হন রিয়া। এই ঘটনার জেরে গ্রেফতার হন রিয়ার ভাই, শৌভিক চক্রবর্তীও। মেয়ের প্রতি ঘটতে থাকা এরূপ আচরণ বিচলিত করে তোলে রিয়ার মাকে। কোনও স্টার হোটেলে নয়, জেলে কয়দিদের সঙ্গেই রাত কাটাতে হচ্ছে মেয়েকে, এই চিন্তা ধীরে ধীরে গ্রাস করে তাকে। ট্রমাতে চলে যান তিনি। এমনকি রিয়ার বাবারও প্যানিক অ্যাটাক হত। চোখের সামনে নিজের সাজানো সংসার তিলে তিলে শেষ হয়ে দেখেছেন রিয়ার মা। কিন্তু মুখ বুজেই সবটা সহ্য করেছেন।
এমনকি, একাধিকবার ভেবেছেন নিজেকে শেষ করে দেবেন। কিন্তু পিছিয়ে এসেছে। বারবার একটাই কথা ভেবেছেন, আর কিছু না হোক, নিজের ছেলেমেয়েদের জন্য বাঁচতে হবে তাঁকে। অবশেষে ২৮ দিনের মাথায় জেল থেকে জামিন পান রিয়া। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু মেয়েকে কাছে পেলেও এখনও জামিন পাননি তাঁর ছেলে শৌভিক।
সম্প্রতি, সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ার মা জানান, তিনি ঘুমোতে পারেন না, খেতে পারেন না। এখন কলিং বেলের আওয়াজ হলেও বুক কেঁপে ওঠে তাঁর। তাঁর দুই সন্তানই জেলে। মা হয়ে কীভাবে বিছানায় শোবেন, ভালো খাবার খাবেন, এই ভেবেই তাঁর চোখে জল চলে আসত। তবে এখনও তাঁর পুরোপুরি স্বস্তি মেলেনি। মেয়ে রিয়া বাড়ি ফিরলেও, শৌভিক এখনও জেলে, তাই চিন্তা কমছে না তাঁর। তবে মেয়ে জামিন পাওয়ার পর তিনি জানান যে শেষে সত্যেরই জয় হয়েছে।





