প্রকাশ্যে এল সুশান্তের বায়োপিকের পোস্টার, নামভূমিকায় ‘হামসকল’ শচীন তিওয়ারি

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর কেটে গিয়েছে একমাস। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে তাঁর বায়োপিকের। এবার সামনে এল সেই ছবির পোস্টার। সেখানেই দেখা গেল নামভূমিকায় থাকা শচীন তিওয়ারিকে। অনেকের মতেই তাঁকে হুবহু সুশান্তের মতোই দেখতে! নেট দুনিয়ায় ভাইরালও হয় শচীনের একাধিক ভিডিও যেখানে লোকে তাঁকে সুশান্তের ‘হামসকল’ বলে উল্লেখ করেন!

যদিও সুশান্তের অনুরাগীরা এই দাবি মানতে নারাজ তবে তাতে শচীন তিওয়ারির এই বায়োপিকে সুশান্তের নাম ভূমিকায় অভিনয় করা আটকাচ্ছে না। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পাঁচদিনের মাথাতেই ‘সুইসাইড অর মার্ডার’ নামের এই ছবির ঘোষণা সেরে ফেলেছিলেন পরিচালক বিজয় শেখর গুপ্তা।

বিজয় শেখর বলেছিলেন, এই ছবির মাধ্যমে তিনি বলিউডের অন্ধকার দিকটা তুলে ধরতে চান। ঝাঁ-চকচকে রুপোলি জগতে অভিনেতাদের স্ট্রাগলের গল্প বলবে এই ছবি। এই ছবির অফিশিয়াল পোস্টারও এদিন সামনে এল। ওটিটি প্ল্যাটফর্ম বিএসজি বিং-এ মুক্তি পাবে এই ছবি।

এই ছবির অফিসিয়াল পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “একটা ছোট শহরের ছেলে যে পরবর্তীকালে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা হয়ে উঠবে এই ছবি তার জার্নির কথাই বলে। পরিচয় করে নিন আউট সাইডার শচীন তিওয়ারির সঙ্গে।”

একটি বেসরকারী মাধ্যমে বিজয় জানিয়েছেন, “সুশান্ত এর মৃত্যুর ঘটনা আমাদের সকলকেই নাড়া দিয়ে গেছে। কিন্তু এটাতো কোনো নতুন ঘটনা নয়। বলিউডে এরকম অনেক অভিনেতাই একরাশ স্বপ্ন নিয়ে আসেন কিন্তু কাজ না পেয়ে অনেকেই ভুল পথ বেছে নেন। আবার কেউ আজীবন স্ট্রাগল করতে থাকে। তাই আমরা চেয়েছি যে ছোট শহরের সেইসকল প্রতিভাবান অভিনেতাকে তুলে ধরব যাদের এই বলিউডে কোন গডফাদার নেই। আস্তে আস্তে অন্যান্য চরিত্রগুলোকেও সামনে আনা হবে। আমি কথা দিচ্ছি এই ছবি বলিউডের ইনসাইডারের মুখোশ টেনে খুলে ফেলে দেবে।” এই ছবির সৃজনশীল পরিচালক ও প্রযোজকের ভূমিকায় থাকছেন বিজয় শেখর গুপ্তা, পরিচালনা করবেন শমীক মৌলিক।

ইতিমধ্যেই ৫০% চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে, আগামী মাসের মধ্যেই ক্রিয়েটিভ টিম পুরো চিত্রনাট্য লিখে ফেলবে। সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থেকে ছবির শ্যুটিং শুরু হচ্ছে। আগামী ৫০ দিন পাঞ্জাব ও মুম্বইয়ের বিভিন্ন জায়গায় হবে ‘সুইসাইড অর মার্ডার’- এর শ্যুটিং।

RELATED Articles

Leave a Comment